ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫১ জন আইনপ্রণেতাসহ জাপানের ক্ষমতাসীন ডেমক্রেটিক পার্টি থেকে পদত্যাগ করেছেন ইচিরো ওজাওয়া।
জাপানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
ওজাওয়ার এই পদক্ষেপ প্রত্যাশিতই ছিল। তবে এটি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডার জন্য এক বড় আঘাত। ধারণা করা হচ্ছে ওজাওয়া নিজেই একটি দল গঠন করতে যাচ্ছেন।
এক সপ্তাহ আগে বিক্রয়ের ওপর কর বাড়ানোর একটি আইন জাপানিজ পার্লামেন্টে পাস হয়। ওজাওয়া এর তীব্র বিরোধিতা করেছিলেন।
প্রধানমন্ত্রী নোডার বক্তব্য হচ্ছে, ২০১৫ সালের মধ্যে পণ্যবিক্রিতে কর ৫ ভাগ থেকে ১০ ভাগে উন্নীত করার প্রধান কারণ হচ্ছে সরকারি ঋণ কমানো ও জনকল্যাণমূলক কাজে তহবিল বৃদ্ধি করা।
কিন্তু বিক্রয়যোগ্য পণ্যের ওপর এ কর বৃদ্ধির বিষয়টি নিয়ে বর্ষীয়ান আইনপ্রণেতা ওজাওয়া প্রধানমন্ত্রী নোডাকে দোষারোপ করেন।
দল ছেড়ে যাওয়া ওজাওয়ার কাছে নতুন কিছু নয়। ১৯৯৩ সালেও তিনি নিজ দল গঠনের লক্ষ্যে লিবারেল ডেমক্রেটিক পার্টি ছেড়ে যান।
তবে তার এই পদক্ষেপে ভোটাররা খুব বেশি খুশি নন। এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ১৫ শতাংশ ভোটার তার এই সিদ্ধান্তকে সমর্থন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১২ ঘ.
bdnews24