২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে গণতন্ত্রপন্থি বিক্ষোভ

যুক্তরাজ্যের নিয়ন্ত্রণমুক্ত হয়ে হংকংয়ের চীনা শাসনে ফেরার ১৫তম বার্ষিকী পালনকালে বিক্ষোভে রাস্তায় নেমেছে গণতন্ত্রপন্থি হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

চীন, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের নিয়ন্ত্রণমুক্ত হয়ে হংকংয়ের চীনা শাসনে ফেরার ১৫তম বার্ষিকী পালনকালে বিক্ষোভে রাস্তায় নেমেছে গণতন্ত্রপন্থি হাজার হাজার মানুষ। মানবাধিকার আদায়ের দাবিতে হংকংয়ে প্রতিবছরই বিক্ষোভ মিছিল হয়ে আসছে। কিন্তু রোববার হংকংয়ের নতুন নেতা হিসাবে বেইজিং-সমর্থিত ব্যবসায়ী লিউয়াং চুন-ইংয়ের শপথ নেওয়াকে কেন্দ্র করে চীনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে জনগণ। বর্ষপূর্তির দিন ইংয়ের শপথগ্রহণ উপলক্ষ্যে আয়োজিত মূল অনুষ্ঠানে অংশ নেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। ইংকে শপথ পাঠ করান তিনি। হংকংয়ে ব্যাপক অসমতা এবং পূর্ণ গণতন্ত্রের অভাবের কারণে বাড়তে াকা গণঅসন্তোষের মধ্যে শপ নিয়ে সামনের দিনগুলোতে নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইং। ফলে শপথ অনুষ্ঠানে তাকে বিভিন্ন সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানান হু জিনতাও। ইং কে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে চীন-হংকং একীভূত হওয়ার ১৫তম বার্ষিকী পালনের এ সময়টিকে ‘আনন্দঘন মুহূর্ত’ বলে বর্ণনা করেন তিনি। বেইজিংয়ের ‘এক দেশ’, ‘দুই পদ্ধতি’ নীতিতে অটল থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন হু। এ সময় ইং এর এক সমালোচক হু’র ভাষণে বাধা দেওয়ার চেষ্টা চালান। ওদিকে, বিক্ষোভকারীরাও শপথ অনুষ্ঠান বাধাগ্রস্ত করার চেষ্টা নেয়। কনভেনশন সেন্টারের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত ধ্বস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বেইজিং এর পছন্দ অনুযায়ী হং কং এর নেতা নির্বাচন পদ্ধতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে বিক্ষোভকারীরা। রাস্তায় গণবিক্ষোভে নামা জনতা ড্রাম বাজিয়ে, পতাকা উড়িয়ে শহরজুড়ে পদযাত্রা করেছে। তারা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানায় এবং চীনা মূল ভূখ-ের প্রতি তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করে। হংকংয়ে চীনা প্রেসিডেন্টের সফরের প্রতিবাদেও বিক্ষোভ করে গণতন্ত্রপন্থি প্রতিবাদকারীরা। তাদের অভিযোগ, হংকংয়ে নেতা নির্বাচনের বর্তমান পদ্ধতিতে হংকংবাসীদের চেয়ে চীনের ইচ্ছারই প্রতিফলন বেশি। হংকংয়ে বর্তমান পদ্ধতিতে ১২০০ প্রভাবশালী নাগরিক এবং ব্যবসায়ীদের একটি পরিষদ নেতা নির্বাচন করে থাকে। এদের বেশিরভাগই চীনপন্থি। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, হংকং আর চীনের চিন্তাভাবনা পুরোপুরি ভিন্ন। ১৯৯৭ সালে অনুষ্ঠানিকভাবে হংকংয়ের দায়িত্বভার চীনা কর্তৃপক্ষের কাছে অর্পন করে যুক্তরাজ্য। এর পর থেকে হংকং চীনা শাসনে থাকলেও অনেক বেশি মাত্রায় স্বায়ত্ত্বশাসন ভোগ করে আসছে। তবে হংকংয়ের গণতন্ত্রপন্থিরা আরো বেশি অধিকারের জন্য আন্দোলন-বিক্ষোভ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৯ঘ.