কায়রো, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুসলিম ব্রাদারহুডের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই পাল্টে গেছে মিশরের ক্ষমতার ছক। শনিবার জেনারেলদের উপস্থিতিতে সেনাপ্যারেডের মধ্যদিয়ে মুরসির কাছে মিশরের ক্ষমতা হস্তান্তর করে সর্বোচ্চ সেনা পরিষদ।
এর আগে ছয় দশক মিশর শাসন করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। আবার এর অর্ধেক সময়ই শাসন করেছেন মাত্র একজন সাবেক সেনা কর্মকর্তা, হোসনি মুবারক।
সাবেক বিমান বাহিনী প্রধান মুবারক তার ত্রিশ বছরের শাসনামলে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে রেখেছিলেন। সংগঠনটির নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করে কারাবন্দি করে রেখেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি পুরো উল্টে গেছে।
ক্ষমতা হন্তান্তর অনুষ্ঠানে মুরসিকে “মি. প্রেসিডেন্ট” হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সর্বোচ্চ ক্ষমতাসীন সেনা পরিষদের প্রধান জেনারেল তানতাবি বলেন, “আমরা আল্লাহ ও জনগণের কাছে করা আমাদের প্রতিজ্ঞা রক্ষা করেছি। সরাসরি ও অবাধ নির্বাচনের মাধ্যমে আমরা মিশর শাসন করার জন্য একজন নির্বাচিত প্রেসিডেন্ট পেয়েছি।”
এর আগে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের জন্য মরুভূমিতে সেনাবাহিনীর ঘাঁটিতে আসেন প্রেসিডেন্ট মুরসি। কালো একটি সেডান গাড়ি থেকে নতুন প্রেসিডেন্ট মাটিতে পা ফেলা মাত্রই তড়িঘড়ি স্যালুট করেন জেনারেল তানতাবি, তারপর হাত মেলান।
এই তানতাবিই সর্বোচ্চ সেনা পরিষদের প্রধান হিসেবে মুবারক পরবর্তী মিশরের সর্বেসর্বা ছিলেন। তিনি মুবারকের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দীর্ঘ ২০ বছর দায়িত্ব পালন করেন।
সামরিক জেনারেল কোনো বেসামরিক নাগরিককে স্যালুট করছে, দেড় বছর আগেও মিশরে এ ধরনের দৃশ্য অকল্পনীয় ছিল।
“ঐতিহাসিক দৃশ্য : সেনাবাহিনীর মাঝে একজন বেসামরিক প্রেসিডেন্ট,” টুইটারে লিখেছেন দিমা খতিব নামের এক মিশরীয়।
এ সবই সম্ভব হয়েছে ‘আরব বসন্ত’ নামে পরিচিত গণজাগরণের ফলে। পুরো আরব অঞ্চলকে নাড়িয়ে দেওয়া এই আন্দোলনেই মিশরের দীর্ঘ ৬০ বছরের সেনা শাসনের অবসান হয়। মাত্র ১৮ দিনের আন্দোলনে ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রতাপশালী সেনাশাসক হোসনি মুবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪৩১ ঘ.
bdnews24