২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালভাদর দালির চুরি যাওয়া ড্রইং ডাকযোগে ফেরত

নিউ ইয়র্কের একটি গ্যালারী থেকে চুরি যাওয়া সালভাদর দালির একটি ড্রইং ইউরোপ থেকে ডাকযোগে ফেরত এসেছে। গত সপ্তাহে ড্রইংটি চুরি হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 04:07 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের একটি গ্যালারী থেকে চুরি যাওয়া সালভাদর দালির একটি ড্রইং ইউরোপ থেকে ডাকযোগে ফেরত এসেছে। গত সপ্তাহে ড্রইংটি চুরি হয়েছিল। গ্যালারীতে রক্ষিত ক্যামেরায় ধারণ করা নিরাপত্তা ফুটেজে এক ব্যক্তিকে ড্রইংটি চুরি করতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। লোকটি ২৮ সেন্টিমিটার বাই ৩৫ সেন্টিমিটার আয়তনের ছবিটি গ্যালারীর দেয়াল থেকে নামিয়ে একটি শপিং ব্যাগে ভরে নিয়ে যায়। ‘দ্য ভেনাস ওভার ম্যানহ্যাটন’ গ্যালারি কর্তৃপক্ষ জানায়, একদিন আগে তাদের কাছে পাঠানো এক ইমেইল বার্তায় চুরি যাওয়া ড্রইংটি ফেরত পাঠানোর কথা জানানো হয়। ইমেইল বার্তায় বলা হয়, “কার্টেল দ্য ডন জুয়ান টেনিরিও (ড্রইংটির নাম) তোমাদের কাছে ফেরত আসছে।” ইউরোপের এক ভূয়া ঠিকানা থেকে এক্সপ্রেস মেইল যোগে ড্রইংটি পাঠানো হয়। শুক্রবার ড্রইংটি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছায়। ড্রইংটির কোনো ক্ষতি হয়নি, অক্ষত অবস্থায় এটি ফেরত এসেছে বলে জানিয়েছে গ্যালারী কর্তৃপক্ষ। এক লাখ পঞ্চাশ হাজার ডলার মূল্যের আসল ড্রইংটিই পাঠানো হয়েছে কিনা গ্যালারী কর্তৃপক্ষ এখন তা যাচাই করে দেখছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০০০ ঘ.