কায়রো, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত মোহাম্মদ মুরসি শনিবার প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। শপথ গ্রহণের পর তিনি হবেন মিশরের দীর্ঘ ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট।
স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের সাংবিধানিক আদালতে এই শপথ অনুষ্ঠান হবে।
নির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ পার্লামেন্টে হওয়ার কথা ছিল। কিন্তু দ্ইু সপ্তাহ আগে আদালতের নির্দেশে পার্লামেন্টের নি¤œকক্ষ ভেঙে দিয়েছে ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ।
আনুষ্ঠানিক শপথের একদিন আগে শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে প্রতীকি পশথ নিয়েছেন মুরসি। মিশরের গণতান্ত্রিক আন্দোলনের প্রাণকেন্দ্র কায়রোর তাহরির চত্বরে লাখো সমর্থকের সামনে এই অনুষ্ঠানে নিজেই পশথ বাক্য পাঠ করেন।
“আল্লাহর নামে আমি শপথ নিচ্ছি, আমি প্রজাতান্ত্রিক মিশরের ধারাবাহিকতা রক্ষা করবো, সংবিধান মেনে চলবো এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো,” সমর্থকদের চিৎকার ও করতালির মধ্যে ঘোষণা করেন তিনি।
মুসলিম ও খ্রীস্টানদের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মিশরকে তিনি একটি বেসামরিক, জাতীয়তাবাদী ও সাংবিধানিক রাষ্ট্রে পরিণত করবেন।
বক্তৃতায় নিজ সংগঠন মুসলিম ব্রাদারহুডের “ইসলামী শাসনতন্ত্রে”র স্বপ্ন নিয়ে তিনি কোনো কথা বলেননি।
“জনতার শক্তির উপর কোনো শক্তি নেই। আজ এই ক্ষমতার উৎস আপনারাই,” নিজের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিকে ইঙ্গিত করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন মুরসি।
এ কথার মাধ্যমে তিনি ক্ষমতাসীন সামরিক পরিষদকেও সতর্ক করেছেন বলে বিশ্লেষকদের ধারণা।
২০১১ সালের ফেব্রুয়ারিতে প্রবল গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়েন সামরিক একনায়ক প্রেসিডেন্ট হোসনি মুবারক। এর আগে ৩০ বছর একটানা মিশর শাসন করেন তিনি।
ক্ষমতা থেকে মুবারক সরে যাওয়ার পর ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেন তানতাবির নেতৃত্বে সামরিক পরিষদ মিশরের ক্ষমতা গ্রহণ করে। নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ১ জুলাই ক্ষমতা হস্তান্তরের জন্য সামরিক পরিষদ প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু ক্ষমতা হস্তান্তরের আগেই প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে নিজেদের অবস্থান সংহত করে নিয়েছে পরিষদ।
সামরিক পরিষদের নেতা জেনারেল তানতাবি মুবারকের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দীর্ঘ ২০ বছর দায়িত্বপালন করেছেন। শনিবার এই তানতাবির কাছ থেকেই মিশরের সর্বোচ্চ ক্ষমতা গ্রহণ করার কথা মুরসির।
সেনাবাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানের মাধ্যমে মুরসির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তানতাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫৩৩ ঘ.
bdnews24