আথেন্স, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে মাইক্রোসফটের সদর দপ্তরে হামলার দায়িত্ব স্বীকার করেছে স্বল্প পরিচিত বামপন্থী একটি জঙ্গি গোষ্ঠী।
বুধবার মাইক্রোসফটের এথেন্স দপ্তরে ওই হামলাটি চালানো হয়েছিল।
শুক্রবার ইন্টারনেটে প্রকাশিত এক বিবৃতিতে ‘দ্য ইন্টারন্যাশনাল রেভ্যুলুশনারি ফ্রন্ট’ নামের ওই জঙ্গি গোষ্ঠী দাবি করে তারাই হামলাটি করেছে। পুঁজিবাদের ওপর হামলার মাধ্যমে মাইক্রোসফটকে সতর্ক করা হলো বলে বিবৃতিতে জানায় তারা।
মুখোশধারী হামলাকারীরা এথেন্সের মাইক্রোসফট দপ্তরে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ভ্যান নিয়ে ঢুকে পড়ে। তারপর ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে দপ্তরটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, অন্ততপক্ষে দুই জঙ্গি পিস্তল ও মেশিনগান নিয়ে হামলা চালায়। অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের দূরে সরে যেতে তারা বাধ্য করে।
বিবৃতিতে ‘রেভ্যুলুশনারি ফ্রন্ট’ জানায়, “আমরা এই দপ্তরটি বেছে নিয়েছি কারণ কম্পিউটার খাতে মাইক্রোসফট সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। পুঁজিবাদ এখন মাইক্রোসফটের ঘাড়েই সওয়ার।”
গোষ্ঠীটি আরো জানায়, গ্রিস ও ইতালিতে বন্দি অন্যান্য জঙ্গিদের পক্ষে সমর্থন জানানোর জন্যও হামলাটি চালিয়েছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলার দাবিটি তারা খুব গুরুত্ব দিয়ে দেখছেন এবং এই দাবির সত্যতা যাচাই করে দেখছেন।
গত বছর পুলিশ কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি ও ম্যাকডোনাল্ড ফাস্টফুডের দোকানে অগ্নিসংযোগের মাধ্যমে ‘দ্য ইন্টারন্যাশনাল রেভ্যুলুশনারি ফ্রন্ট’ প্রথমবারের মতো নিজেদের অস্তিত্ব জানান দেয়।
বেকারত্ব বৃদ্ধি পাওয়া ও বিদেশি ঋণের চাপে কঠোর কৃচ্ছতা কর্মসূচী গ্রহণে গ্রিস বাধ্য হওয়ায় পর থেকে দেশি বিদেশি ব্যাংক ও রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা প্রায়ই ঘটছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪৮ ঘ.
bdnews24