২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে যাচ্ছে টম ক্রুজ ও কেটি হোমসের সংসার

আবারও ঘর ভাঙছে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের। এর মধ্যদিয়ে কেটি হোমসের সঙ্গে তার পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান হচ্ছে। এটি হবে টম ক্রুজের তৃতীয় বিয়ে বিচ্ছেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2012, 04:14 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবারও ঘর ভাঙছে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের। এর মধ্যদিয়ে কেটি হোমসের সঙ্গে তার পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান হচ্ছে। এটি হবে টম ক্রুজের তৃতীয় বিয়ে বিচ্ছেদ। মার্কিন তারকাদের বিয়ে বিচ্ছেদ তদারকের জন্য পরিচিত আইনজীবী জোনাথন ওল্ফ টম ক্রুজ দম্পতির বিয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ বিষয়ে তিনি বলেছেন, “এটি একটি ব্যক্তিগত ও গোপনীয় বিষয়।” ২০০৬ সালের নভেম্বরে ইতালির একটি দূর্গে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে টম ক্রুজ ও কেটি হোমসের বিয়ে হয়েছিল। এই দম্পতির সুরি নামের ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এর আগে আরও দুইবার বিয়ে করেছিলেন বর্তমানে ৪৯ বছর বয়সী অভিনেতা ক্রুজ। দ্বিতীয় স্ত্রী নিকোল কিডম্যানের সংসারে তার আরও দু’টি সন্তান রয়েছে। ক্রুজের এক মুখপাত্র বিবিসিকে বলেন, “কেট বিয়ে বিচ্ছেদের আর্জি জানিয়েছেন। এতে ভীষণ আঘাত পেয়েছেন ক্রুজ। তিনি এখন তার তিন সন্তানের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন। অনুগ্রহ করে তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে দিন।” টিএমজে নিউজ এর প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউ ইয়র্কে বিয়ে বিচ্ছেদের আর্জি জানান হোমস। আর্জিতে পরস্পরের অমিলকে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। তাদের একমাত্র সন্তানের কর্তৃত্ব পাওয়ার আর্জিও জানিয়েছেন হোমস। হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা টম ক্রুজ ‘টপ গান’, ‘জেরি ম্যাগুয়েরি’, ‘ককটেল’ ও ‘মিশন ইম্পসিবল’ সিরিজের মতো সফল চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতিমান হয়ে ওঠেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেলিভিশন নাটক ‘ডওসন্স ক্রিক’ -এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান কেটি হোমস। পরবর্তীতে তিনি ‘ব্যাটম্যান বিগিনস্’ ও ‘ডোন্ট বি অ্যাফ্রেড অব দ্য ডার্ক’ ছবিতে অভিনয় করে সাড়া জাগান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০০৫ ঘ.