টেক্সাস, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপিএস সিস্টেম হ্যাক করে একটি উড়ন্ত ড্রোনের নিয়ন্ত্রন নিতে পেরেছেন এক দল মার্কিন গবেষক।
অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ড্রোনটিতে এমনভাবে সংকেত পাঠিয়েছে যে ড্রোনটি তা জিপিএস স্যাটেলাইট থেকে পাঠানো সংকেত বলে ভুল করেছে। ফলে ওই ড্রোনটির নিয়ন্ত্রণ চলে আসে গবেষকদের হাতে।
সম্ভবত একই উপায়ে ২০১১ সালে ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল বলে গবেষকেরা মনে করছেন।
গবেষকেরা ড্রোনটি ‘হ্যাক’ করার মাধ্যমে যুদ্ধে চালকবিহীন বিমান বা ড্রোন ব্যবহারের মারাত্মক ঝুঁকির বিষয়টি তুলে ধরেছেন।
আফগানিস্তানের মতো সংঘাতপূর্ণ এলাকায় মার্কিন বাহিনী ড্রোন ব্যবহার করছে।
ইউনিভার্সিটি অব টেক্সাসের মালিকানাধীন ওই ড্রোনটির জিপিএস সিস্টেম হ্যাক করেন ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক টড হামফ্রেস ও তার সহকর্মীরা।
টেক্সাসের এক স্টেডিয়ামে উড়ন্ত একটি ছোটো হেলিকপ্টার ড্রোন হ্যাক করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বিষয়টি হাতে কলমে দেখিয়েছেন গবেষকরা।
ইন্টারন্যাশনাল কমিটি ফর রোবট আর্মস কন্ট্রোলের যুগ্ম প্রতিষ্ঠাতা নোয়েল শার্কি বলেছেন, যে ড্রোনটি করা হয়েছে তার জিপিএস সংকেতে কোনো গোপন কোড ব্যবহার করা হয়নি। এ ধরণের গোপন কোডহীন সংকেত সাধারণত বেসামরিক বিমানগুলোতে ব্যবহার করা হয়।
প্রযুক্তি জ্ঞানে দক্ষ এমন যে কেউ এ ধরনের ড্রোন হ্যাক করতে পারে বলে জানিয়েছেন তিনি। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানো সম্ভব বলে তিনি সতর্ক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এসইউ/২২২১ ঘ.
bdnews24