ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩ দিনের সফল মহাকাশ অভিযান শেষে তিন মহাকাশচারীকে নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনা মহাকাশযান শেনঝু ৯। এই মহাকাশচারীদের মধ্যে চীনের প্রথম নারী মহাকাশচারীও আছেন।
স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে চীনের অন্তর্মঙ্গোলিয়া প্রদেশে তারা নামেন। অবতরণের দৃশ্য চীনা টেলিভিশনে সরাসরি স¤প্রচারিত হয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
অভিযানে এই মহাকাশচারীরা কোনো স্বয়ংক্রিয় পদ্ধতির সাহায্য ছাড়াই চীনা মহাকাশ গবেষণাগার তিয়ানগঙ-১ এর সঙ্গে সফলভাবে নিজেদের মহাকাশযান ভেড়াতে সক্ষম হন।
২০২০ সালের মধ্যে একটি মহাকাশকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কাজ করছে চীন। সফল এই অভিযান সেই লক্ষ্যে চীনকে অনেকদূর এগিয়ে দিল বলে বিশেষজ্ঞদের ধারণা।
অভিযানটিকে ‘সম্পূর্ণ সফল’ বলে বর্ণনা করেছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবও।
অবতরণের পর মহাকাশচারী লি ওয়াং বলেন, “মাটির ওপর দাঁড়ানোর অনুভূতি খুব শান্তি দিচ্ছে, আর এর চেয়েও বেশি শান্তি বাড়িতে ফেরা।”
নারী মহাকাশচারী লিউ ইয়াং বলেন, “তিয়ানগঙ-১ মহাকাশে আমাদের বাড়ি, যা খুব মনোরম ও আরামদায়ক। আমরা আমাদের জাতি নিয়ে গর্বিত।”
১৬ জুন মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল শেনঝু-১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৮২৯ ঘ.
bdnews24