লন্ডন, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের ইকুয়েডরের দূতাবাসের আশ্রয় ছাড়বেন না বলে জানিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
এ এরই ধারাবাহিকতায় শুক্রবার যুক্তরাজ্যের একটি পুলিশ স্টেশনে তার হাজির হওয়ার কথা থাকলেও তিনি তাতে সাড়া দেবেন না।
যৌন অপরাধের অভিযোগে সুইডেনে প্রত্যার্পণ সক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার অংশ হিসেবে তার হাজির হওয়ার কথা ছিল।
গত সপ্তাহে আকস্মিকভাবে ইকুয়েডরের দূতাবাসে হাজির হয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার পর থেকে লন্ডনে অবস্থিত দেশটির দূতাবাসেই রয়েছেন অ্যাসাঞ্জ।
এদিকে দূতাবাস ছাড়ার দাবি জানিয়ে তাকে লন্ডনের এক পুলিশ স্টেশনে ডেকে পাঠায় যুক্তরাজ্যের পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ জানায়, ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণের জন্য সমন জারি করা হয়েছে।
এতে আরো বলা হয়, “সেই ব্যক্তি তার জামিনের শর্ত ভঙ্গ করেছে। আর আত্মসমর্পনে ব্যর্থ হলে আবারো শর্ত ভঙ্গ হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে।”
বিবৃতিতে অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা না হলেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অ্যাসাঞ্জের নামই প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে বিবিসি টেলিভিশনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ (৪০) বলেন, “যুক্তরাজ্যে আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে প্রত্যাবর্তন আইনের চেয়ে শরণার্থী আইন বেশি গুরুত্ব পায়। তাই নিশ্চিতভাবে দূতাবাস ছাড়ার উত্তর হবে ‘না’।”
যেকোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ। আর সুইডেনে পাঠানো হলে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে এবং সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫৩৩ ঘ.
bdnews24