ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বৃহস্পতিবার শিয়া তীর্থযাত্রীদের বাসে বোমা হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
বোমা হামলার পাশাপাশি বাসটি লক্ষ করে গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা অনলাইন নিউজ।
কোয়েটা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদ শাকিল জানিয়েছেন, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। তীর্থ শেষে ইরান থেকে কোয়েটায় ফিরছিলেন তারা ।
“বিস্ফোরিত বোমাটি একটি দূরনিয়ন্ত্রিত বোমা। একটি গাড়ির ভিতর বোমাটি লুকিয়ে রাখা হয়েছিল। বাসটি পাশ দিয়ে যাওয়ার সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়,” বলেন তিনি।
নিহতদের মধ্যে তীর্থযাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত দুইজন পুলিশ কর্মকর্তা ও দুই নারী তীর্থযাত্রী রয়েছেন বলে জানান তিনি।
যে গাড়িটিতে বোমাটি পেতে রাখা হয়েছিল সেটির ইঞ্জিন ঘটনাস্থলের ৫০ ফুট দূরে পাওয়া গেছে বলে জানিয়েছেন শাকিল।
হামলায় ব্যবহার করা বোমাটির ওজন ৩০ কেজির বেশি ছিল বলে জানিয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী দলের কর্মকর্তা মঞ্জুর আহমেদ।
এর আগের দিন বুধবার রাতে কোয়েটা রেল স্টেশনে আর একটি বোমা হামলায় শিশুসহ সাতজন নিহত হয়। স্টেশনে একটি চায়ের দোকানের মাটির নিচে ওই বোমাটি পুঁতে রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৮ ঘ.
bdnews24