প্যারিস, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান ও তার স্ত্রী অ্যান সিনক্লের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে।
এক মাস আগে তাদের বিয়ে বিচ্ছেদ হয়েছে এবং তারা প্যারিসেই পৃথকভাবে বসবাস করছেন বলে স্ট্রস-কানের ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে।
এর আগে সাপ্তাহিক ম্যাগাজিন ক্লোজার জানায়, সিনক্লে¬ তাদের প্যারিসের বাড়ি থেকে স্ট্রস-কানকে বের করে দিয়েছেন।
তাদের সম্পর্ক ঝুঁকির মুখে রয়েছে- গণমাধ্যমে এমন আশঙ্কা প্রকাশের কয়েক সপ্তাহ পরই এ খবর পাওয়া গেল।
সম্প্রতি হাফিংটন পোস্টের ফরাসি সংস্করণের বার্তা সম্পাদক হিসেবে কাজ শুরু করেছেন সিনক্লে।
সাবেক ফরাসি অর্থমন্ত্রী স্ট্রস-কান ও সিনক্লে ২০ বছর আগে বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
২০১১ সালের মে মাসে হোটেলের এক পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নিউ ইয়র্কে আটকের পর ওয়াশিংটনভিত্তিক আইএমএফ’র প্রধানের চাকরি হারান কান।
অবশ্য শুরু থেকেই তিনি এ অভিযোগ অস্বীকার করে আসছেন। পরবর্তী সময়ে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়।
কিন্তু এই যৌন কেলেঙ্কারির গুজবে চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে সোস্যালিস্ট পার্টির প্রার্থী হওয়ার সম্ভাবনাও নষ্ট হয় তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৬ ঘ.
bdnews24