বাগদাদ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদ ও আশপাশের শহরগুলোতে বৃহস্পতিবার বোমা হামলায় অন্ততপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য ও নিরাপত্তা সূত্রগুলো এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার বাগদাদের একটি বাজারে ঢোকার প্রবেশমুখে একটি ট্যাক্সিবোমা বিস্ফোরিত হলে অন্ততপক্ষে আট জন নিহত ও ৩০ জন আহত হয়। এলাকাটি শিয়া মুসলিম অধ্যুষিত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা আহমেদ নওরি বলেন, “বিস্ফোরণ স্থলটির চারপাশে মানবদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাঁচের টুকরো আর শাক-সবজিও ছড়িয়ে রয়েছে।”
বোমাটি বিস্ফোরণের সময় তিনি কাছেই টহল দিচ্ছিলেন।
“আমার শরীরের সব কাপড় রক্তে ভিজে গেছে, এসবের গন্ধ যেন শরীরে ঢুকে গেছে”, বলেন তিনি।
নিহতদের অধিকাংশই বিক্রেতা। বাজার শুরু হওয়ার আগে তাদের দোকান সাজাচ্ছিল বলে জানান নওরি।
এদিকে ইরাকের বাকুবা শহরের শিয়া অধ্যুষিত এলাকায় বৃহস্পতিবার একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ছয় জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
বাগদাদ থেকে ২০ কিলোমিটার উত্তরে তাজি শহরে বৃহস্পতিবার পৃথক এক গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে। মূলত সুন্নি অধ্যুষিত এই অঞ্চলের একটি সরকারি ভবন লক্ষ করে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। ওই ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাগদাদের দক্ষিণাঞ্চলীয় শিয়া অধ্যুষিত আবু দাশিররে পুলিশের টহল দলকে লক্ষ করে রাস্তার পাশে পেতে রাখা বোমায় অন্ততপক্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।
গত বছরের ডিসেম্বরে যুক্তরাজ্যের সেনাবাহিনীর শেষ দলটি ইরাক ত্যাগ করার পর থেকে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। দেশটির শিয়া, সুন্নি ও কুর্দিদের মধ্যে গোত্রগত দ্বন্দ্ব প্রবল ও প্রকাশ্য হয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩০ ঘ.
bdnews24