২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে রেলস্টেশনে বোমা হামলা, নিহত ৫

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি রেল স্টেশনের চা পানের দোকানে পুঁতে রাখা বোমায় শিশুসহ অন্ততপক্ষে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি রেল স্টেশনের চা পানের দোকানে পুঁতে রাখা বোমায় শিশুসহ অন্ততপক্ষে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে কোয়েটা শহরে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহিদ সালেম জানিয়েছেন, “স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় বিস্ফোরণটি ঘটে। এতে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।” ধারণা করা হচ্ছে, বোমা হামলার লক্ষ্য ছিলে রাওয়ালপিন্ডিগামী একটি এক্সপ্রেস ট্রেন। কর্মকর্তারা আশঙ্কা করছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে বিস্ফোরণের সময় যাত্রীবোঝাই এক্সপ্রেসি ট্রেনটি যদি স্টেশনে ঢুকতো তবে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারতো। সালেম জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন রেলওয়ে পুলিশ ও ছয় থেকে সাত বছর বয়সী শিশুও রয়েছে। স্থানীয় কর্মকর্তা কামর মাকসুদ বলেন, বোমা হামলার শিকার অধিকাংশই প্লাটফরমে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এখনো পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৭ ঘ.