জাতিসংঘ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকার ও বিরোধীদলের সদস্যদের অন্তর্ভুক্ত করে সিরিয়ায় জাতীয় সরকার গঠনের যে পরিকল্পনা করেছেন কফি আনান তাতে রাশিয়াসহ অন্যান্য বিশ্বশক্তি সমর্থন দিয়েছে।
কফি আনানের পরিকল্পনায় জাতীয় সরকারের গুরুত্ব নষ্ট করতে পারে এমন ব্যক্তিদেরকে বাদ দিয়ে একটি ঐক্যমতের মন্ত্রিসভা গঠনের প্রস্তাব রয়েছে।
এই পরিকল্পনা সমর্থনের বিষয়টি জাতিসংঘ ও আরব লিগ নিয়োগকৃত শান্তিদূত আনানকে জানানো হয়েছে বলে বুুধবার নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিকরা জানিয়েছেন।
শনিবার জেনেভায় অনুষ্ঠিতব্য রাশিয়া, নিরাপত্তা পরিষদের চার স্থায়ী সদস্য ও মধ্যপ্রাচ্য বিষয়ক মূল উদ্যোক্তাদের বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি আনানের প্রস্তাবিত রাজনৈতিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে বলেও রয়টার্সকে জানিয়েছেন তারা।
সিরিয়ায় ১৬ মাস ধরে চলা সহিংসতা বন্ধে জাতিসংঘ-আরব লিগের প্রতিনিধি আনান এ প্রস্তাব দিয়েছেন।
প্রস্তাবের সারসংক্ষেপ তুলে ধরে এক কূটনীতিক বলেন, “উভয় পক্ষই যখন ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ পথের সন্ধান পাবে তখনই কেবল সিরিয়ার সংঘাত বন্ধ হতে পারে। আর এ ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে পরিবর্তনের স্পষ্ট পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে স্পষ্ট করে জানিয়েছেন আনান।
“পরিবর্তনের নিরপেক্ষ পরিবেশ সৃষ্টিতে পরিবর্তিত একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।”
এক কূটনীতিক বলেন, “এরমধ্যে বর্তমান সরকার, বিরোধী দল ও অন্যান্যদের অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে যাদের অব্যাহত অংশগ্রহণ বা উপস্থিতির জন্য পরিবর্তনের বিশ্বাসযোগ্যতা ঝুঁকির মুখে পড়তে পারে বা সমন্বয়সাধন ও স্থিতিশীলতার উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের বাদ দেওয়া প্রয়োজন।”
তিনি বলেন, “আনানের এ পরিকল্পনা গ্রহণের ইঙ্গিত দিয়েছে রাশিয়া।”
কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিক তার বক্তব্যকে সমর্থন দিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এতে সমর্থন দিয়েছে বলেও জানান তারা।
এদিকে অপর এক কূটনীতিক জানান, আনানের প্রস্তাব গ্রহণের অর্থ এই নয় যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
জাতিসংঘে রাশিয়ার প্রতিনিধির সঙ্গে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০১৫ ঘ.
bdnews24