২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া ‘প্রকাশ্য হুমকি’: তুরস্ক

জঙ্গি বিমান ভূপাতিত করার জেরে সিরিয়াকে তুরস্কের জন্য ‘প্রকাশ্য হুমকি’ আখ্যা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। সিরিয়ার এ ‘জঘন্য’ আচরণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

বৈরুত, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গি বিমান ভূপাতিত করার জেরে সিরিয়াকে তুরস্কের জন্য ‘প্রকাশ্য হুমকি’ আখ্যা দিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। সিরিয়ার এ ‘জঘন্য’ আচরণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। পার্লামেন্টে তিনি বলেন, সীমান্ত এলাকায় সিরিয়ার যে কোনো সামরিক তৎপরতাকে তুরস্ক সামরিক হুমকি বলেই মনে করবে। আর এ ধরনের হুমকি মোকাবেলার নির্দেশ তুরস্কের সশস্ত্র বাহিনীকে ইতোমধ্যেই দেওয়া হয়েছে বলেও জানান এরদোয়ান। তিনি বলেন, “নতুন ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের শসস্ত্র বাহিনীর আচরণবিধি পরিবর্তন করা হয়েছে। তুরস্ক সীমান্তে সিরিয়া থেকে কোনোরকম ঝুঁকির আভাস পাওয়া মাত্র তা নিরাপত্তা হুমকি বলে গণ্য হবে এবং সামরিক পন্থায়ই এর মোকাবেলা করা হবে।” “তুরস্ক সরকার দৃঢ়সংকল্প নিয়েই সিরিয়ার কর্মকাণ্ডের জবাব দেবে এবং সময়, স্থান এবং পদ্ধতি ঠিক করে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে”, বলেন এরদোয়ান। তিনি আরো বলেন, “আমাদের পাল্টা জবাবকে দুর্বল ভাবা ঠিক হবে না। আমাদের শান্ত আচরণের মানে এই নয় যে আমরা গোবেচারা। তুরস্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে যেমন গুরুত্ব দেয় তেমনি তারা যে ক্রোধন্মোত্ত এবং ধ্বংসাত্মকও হয়ে উঠতে পারে তা প্রত্যেকেরই জেনে রাখা প্রয়োজন।” এরদোয়ানের এ কড়া হুমকির আগে নেটো এবং তুরস্ক উভয়ই সিরিয়ার আচরণের তীব্র নিন্দা জানায়। গত শুক্রবার সিরীয় সেনাদের গোলায় তুরস্কের ফ্যান্টম-৪ জঙ্গি বিমান ভূপাতিত হওয়া নিয়ে মঙ্গলবার ব্রাসেলসে বৈঠকে বসে ২৮-সদস্যের নেটো জোট। সিরিয়ার বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করতে নেটো সদস্যদেশ তুরস্ক এ বৈঠক ডাকে। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বুলেন্ট আরিঙ্ক বলেন, “সিরিয়ার আচরণের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৫ঘ.