ব্রাসেলস, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের জঙ্গি বিমান ভূপাতিত করার কারণে মঙ্গলবার সিরিয়ার নিন্দা করেছে নেটো সদস্যদেশগুলো।
এ ঘটনা মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন নেটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তিনি দামেস্ককে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং তুরস্ককে দৃঢ় সমর্থন দেন।
রাসমুসেন বলেন, “নেটো মিত্র দেশগুলো সিরিয়ার আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে। এ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সবাই তুরস্কের পাশে আছি।”
গত শুক্রবার সিরীয় সেনাদের গোলায় তুরস্কের ফ্যান্টম-৪ জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে মঙ্গলবার ব্রাসেলসে বৈঠকে বসে ২৮-সদস্যের নেটো জোট।
সিরিয়ার বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করতে নেটো সদস্যদেশ তুরস্ক এ বৈঠক ডাকে।
তুর্কি জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে “মারাত্মক হুমকি” সৃষ্টি করেছে বলে তুরস্ক ইতোমধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
সোমবার নিরাপত্তা পরিষদে পাঠানো এক বার্তায় তুরস্ক কড়া ভাষায় সিরিয়ার “শত্র“তামূলক” আচরণের নিন্দা জানায়।
বার্তায় বলা হয়, “তুরস্কের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সিরিয়ার শত্র“তামূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে তুরস্ক। এ ধরণের আচরণ এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।”
তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বুলেন্ট আরিঙ্ক বলেন, “সিরিয়ার আচরণের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”
তবে এ বিষয়ে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না বলে নিশ্চিত করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩০ ঘ.
bdnews24