ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মস্তিষ্কের কিছু সাধারণ পরীক্ষার মাধ্যমে শিশুর অটিজমের পূর্বাভাস দেওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের বোস্টন চিলড্রেন’স হসপিটালের একদল গবেষক শিশুদের মস্তিষ্কের ইলেক্ট্রো এনসেপাফালোগ্রাফি (ইইজি) পরীক্ষায় ৩৩ ধরনের লক্ষণ পেয়েছেন যেগুলো অটিজমের সঙ্গে সম্পর্কিত।
মঙ্গলবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, এর মাধ্যমে দুই বছর বয়সী শিশুর মধ্যে অটিজমের অস্তিত্ব নির্ধারণ করা সম্ভব বলে গবেষকরা মনে করছেন।
ইলেক্ট্রো এনসেপাফালোগ্রাফি (ইইজি) হলো মস্তিষ্কের এক ধরনের পরীক্ষা যাতে মাথার চামড়ার উপর ইলেকট্রোড স্থাপন করে মস্তিষ্কের ইলেকট্রনের সঞ্চালনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা হয়।
প্রায় এক হাজার শিশুর ইইজি পরীক্ষার মাধ্যমে দেখা যায়, অটিজমে আক্রান্ত শিশুদের ইইজি পরীক্ষার প্রতিবেদন অন্যান্য শিশুদের থেকে উল্ল্যেখযোগ্যভাবে ভিন্ন।
তবে এ ব্যাপারে আরো বিস্তারিত গবেষণা প্রয়োজন বলেও জানিয়েছেন গবেষকরা।
যুক্তরাজ্যে অন্তত পাঁচ লাখ মানুষ অটিজমে আক্রান্ত। অটিজমে আক্রান্তদের মধ্যে মানুষের স্বাভাবিক যোগাযোগ প্রবণতা বাধাগ্রস্ত হয় এবং এরা নিজেদের মধ্যে গুটিয়ে থাকে।
এ রোগটি নির্ণয় করা খুবই দূরূহ এবং বছরের পর বছর তা অনির্ণীত অবস্থায় থেকে যায়।
ইইজি পরীক্ষাগুলোর প্রতিবেদনসমূহ বিভিন্ন ভাগে ভাগ করে অন্তত ১০ বার বিশ্লেষণ করেন তারা। এতে দেখা যায় অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে ইইজি’র মাধ্যমে শিশুর মধ্যে অটিজম আছে কি না তার পূর্বাভাস পাওয়া সম্ভব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫১৭ ঘ.
bdnews24