দুবাই/কায়রো, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য তৈরির জন্য ইরানের সঙ্গে মিত্রতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন বলে একটি ইরানি গণমাধ্যমে প্রকাশিত খবর অস্বীকার করেছেন মুরসির এক সহকারী।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, রোববার মিশরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার কয়েক ঘণ্টা আগে তারা মুরসির একটি সাক্ষাৎকার গ্রহণ করেছেন।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সাক্ষাৎকারে মুরসি বলেছেন, “যৌথ আগ্রহের ভিত্তিতে ইরানের সঙ্গে আমাদের স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা দরকার, তাতে এই অঞ্চলের বিদ্যমান চাপের মধ্যে ভারসাম্য তৈরি হবে।”
কিন্তু ফারসে প্রকাশিত সংবাদটি অস্বীকার করেছেন মুরসির সহকারি ইয়াসীর আলি। ফারস’কে মুরসি কোনো সাক্ষাৎকার দেননি বলে দাবি করেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, “ইরানি বার্তা সংস্থা ফারস’কে কোনো সাক্ষাৎকার দেওয়া হয়নি, তাদের প্রকাশিত সাক্ষাৎকারটি সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়।”
ফারস’র ওয়েব পেইজে সাক্ষাৎকারের একটি লিখিত রূপ ও একটি অডিও প্রকাশ করা হয়। অডিও’র কণ্ঠস্বরটি মুরসির কিনা তা নিশ্চিত হওয়া না গেলেও কণ্ঠস্বরটি পুরোপুরি মুরসির কণ্ঠস্বরের সঙ্গে মেলে না বলে দাবি করেছে রয়টার্স।
গত বছর হোসনি মুবারকের পতনের পর ত্রিশ বছর আগে ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক আবার পুনঃস্থাপন করার আগ্রহ প্রকাশ করে মিশর ও ইরান।
তবে মিশরের ক্ষমতায় ইসলামপন্থী মুসলিম ব্রাদাহুড আসীন হওয়ায় মিশরের পশ্চিমা মিত্ররা উদ্বিগ্ন। নির্বাচিত নতুন প্রেসিডেন্ট মুরসি তাদের আশ্বস্থ করার চেষ্টা করছেন।
তাই নির্বাচিত হওয়ার মাত্র এক দু’দিনের মধ্যেই মুরসি মিশরের পররাষ্ট্রনীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনবেন না বলেই পশ্চিমা বিশ্লেষকদের ধারণা।
পরমাণু প্রকল্প বিষয়ক বিতর্কে চাপে রাখতে ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে পশ্চিমা শক্তিগুলো। এ অবস্থায় মিশর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও মিত্রতা গড়ে তুললে তা পশ্চিমা প্রচেষ্টার জন্য বড় ধরনের ব্যর্থতা ডেকে আনবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০০ ঘ.
bdnews24