২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার ‘হুমকি’র বিষয়ে তুরস্কের তীব্র নিন্দা

সিরীয় গোলায় তুর্কি জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে “মারাত্মক হুমকি” সৃষ্টি করেছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরীয় গোলায় তুর্কি জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে “মারাত্মক হুমকি” সৃষ্টি করেছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সোমবার নিরাপত্তা পরিষদে পাঠানো এক বার্তায় তুরস্ক কড়া ভাষায় সিরিয়ার “শত্র“তামূলক” আচরণের নিন্দা জানায় বলে জানিয়েছে বিবিসি। বার্তায় বলা হয়, “তুরস্কের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সিরিয়ার শত্র“তামূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে তুরস্ক। এ ধরণের আচরণ এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।” তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বুলেন্ট আরিঙ্ক বলেছেন, “সিরিয়ার আচরণের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।” তবে এ বিষয়ে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন তিনি। নিরাপত্তা পরিষদে পাঠানো বার্তায়ও কোনো পদক্ষেপ গ্রহণের আর্জি জানানো হয়নি বলে নিশ্চিত করেছেন বিবিসির জাতিসংঘ প্রতিনিধি। শুক্রবার সিরীয় সেনাদের গোলায় একটি তুর্কি জঙ্গি বিমান ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়ার পর ১৬ মাস ধরে চলতে থাকা সিরিয়া সঙ্কটে নতুন মাত্রা যোগ হয়। সিরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, ভূমধ্যসাগরের সিরীয় উপকূলে তাদের জলসীমায় অনেক নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় তুর্কি এফ-৪ বিমানটিকে লক্ষ করে গোলা ছোড়া হয়। বিমান বাহিনীর এফ-৪ মডেলের একটি ফ্যান্টম জঙ্গি বিমান বিধ্বস্ত এবং দুই বৈমানিক নিখোঁজ হওয়ার ঘটনা স্বীকার করে তুরস্ক সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ বিষয়ে ‘যথাযথ পদক্ষেপ’ নেওয়া হবে বলেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হুঁশিয়ার করেছে ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনীর দেশ তুরস্ক। সদস্য দেশ তুর্কির বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে শিগগিরই এক জরুরি বৈঠকে বসবে ন্যাটোর পরিচালনা পর্ষদ। এই বৈঠকের শুরু হওয়ার পূর্ব মূহুর্তেই তুরস্ক আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে হুঁশিয়ারি জানালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩০ ঘ.