লন্ডন, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে হামলা চালাতে পশ্চিমা মৌলবাদী তরুণদের প্রশিক্ষণ দিচ্ছে আল কায়েদা। আর এ লক্ষ্যে তারা সা¤প্রতিক গণআন্দোলনে যেসব আরব রাষ্ট্রে শাসকদের পতন ঘটেছে সেই রাষ্ট্রগুলোকে ব্যবহার করছে।
যুক্তরাজ্যের গোয়েন্দা প্রধান জোনাথন ইভানস এ দাবি করেছেন।
ইভানস জানান, আরব দেশগুলো থেকে গিয়ে আল কায়েদা ১৯৯০ এর দশকে আফগানিস্তানে ঘাঁটি গেড়েছিল। এরপর দেশটিতে তালেবান শাসনের পতনের পর তারা পাকিস্তানে শক্ত অবস্থান গড়ে তোলে। এখন এই ইসলামি জঙ্গি সংগঠনটি আবারো আরব বিশ্বে শক্তিশালী অবস্থান গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে।
যুক্তরাজ্যের গোয়েন্দাপ্রধান আরো বলেন, “আজ আরব বিশ্বের অনেক অংশেই আল কায়েদার জন্য অনুকূল ও অনুমোদনযোগ্য পরিবেশের সৃষ্টি হয়েছে।”
তিনি আশঙ্কা জানিয়ে আগাম তথ্য পাওয়ার দাবি করে বলেন, আর এরা যুক্তরাজ্যের স্বার্থের জন্য হুমকি হয়ে উঠছে।
তিনি বলেন, “ব্রিটিশদের ক্ষুদ্র একটি অংশ জিহাদি হয়ে উঠতে পারে। আর তারাই প্রশিক্ষণ ও জঙ্গি তৎপরতায় অংশ নেওয়ার সুযোগ পেতে আরব দেশগুলোতে যেতে পারে, যেমনটি সোমালিয়া ও ইয়েমেনে ঘটেছে। আর এরপর তাদের একটি অংশ যুক্তরাজ্যে ফিরে এসে হুমকি হয়ে উঠতে পারে।”
২০০৭ সাল থেকে যুক্তরাজ্যের গোয়েন্দাপ্রধানের দায়িত্ব পালনকারী ইভানস এ বিষয়টিকে নতুন ও দুঃখজনক আখ্যা দিয়ে এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি জানিয়েছেন।
২০১১ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোতে সংঘটিত গণআন্দোলনকে স্বাগত জানিয়েছিলেন পশ্চিমা নেতারা। তাদের বিশ্বাস ছিল, এর মধ্যদিয়ে এসব অঞ্চলে উন্নয়ন ও মুক্তির সুবাতাস বইবে। কিন্তু ইতোমধ্যে তিউনিসিয়া ও মিশরে ইসলামপন্থিরাই নির্বাচনের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে।
ইভানস জানান, যারা প্রশিক্ষণ নিয়েছেন অথবা আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া ও ইয়েমেনের আল কায়েদা থেকে সমর্থন পাচ্ছেন সেই অভ্যন্তরীণ মৌলাবাদী জঙ্গিরাই সবচেয়ে বড় হুমকি। যদিও ২০০৫ সাল থেকে আল কায়েদা যুক্তরাজ্যে কোনো সফল হামলা চালাতে সক্ষম হয়নি, এমন কি বড় কোনো হুমকিও হয়ে ওঠেনি।
]তিনি জানান, মধ্যপ্রাচ্য ও হর্ন অব আফ্রিকায় জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্রিটিশ অধিবাসীর সংখ্যা একশ’ থেকে ২শ’ হতে পারে। আর এদের বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে। এসব তরুণদের অধিকাংশই লন্ডন ও বার্মিংহাম থেকে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪১ ঘ.
bdnews24