২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আরো রাজনৈতিক সংস্কার চান মুক্তাদা আল সদর

ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর দেশে আরো রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে প্রধানমন্ত্রী নুরি আর মালিকির বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে সমর্থনের হুমকি দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 02:10 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

নাজাফ, ইরাক, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল সদর দেশে আরো রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে প্রধানমন্ত্রী নুরি আর মালিকির বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে সমর্থনের হুমকি দিয়েছেন তিনি। রোবাবর দক্ষিণ ইরাকের নাজাফে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সদর বলেন, “আমাদের প্রধান ও শেষ দাবি সংস্কার। আমি আগেও বলেছি, এখনও বলছি, পার্লামেন্টে বিরোধী দলগুলোর কাছে আমার একটি প্রতিশ্রুতি আছে, সরকারের বিরুদ্ধে আনাস্থা প্রস্তাবে যদি ১২৪ ভোট পড়ে তবে আমার পক্ষের ৪০ ভোটও তাদের সঙ্গে যাবে।” “আমি একবার নুরি আল মালিকিকে বলেছিলাম: শিয়া, সুন্নি, কুর্দি বিভিন্ন পক্ষের সমর্থন নিয়েই আপনি ক্ষমতায় বসেছেন। কিন্তু আপনি ক্ষমতায় এসে তাদের আঘাত করেছেন, এটি রাজনৈতিক সমঝোতা ও নৈতিকতার বরখেলাপ।” কি ধরনের রাজনৈতিক সংস্কার সদর চাইছেন তার বিস্তারিত জানাননি তিনি। তবে বলেছেন, ইরাকের জন্য এ সংস্কার ক্ষতিকর হবে না এটি স্পষ্ট হলেই কেবল তিনি অনাস্থা প্রস্তাব সমর্থন করবেন। মালিকি বিরোধীরা তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তাদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় তারা সদরের সমর্থন পেলে মালিকি সরকারের পতন ঘটা সময়ের ব্যপার মাত্র। প্রধানমন্ত্রী মালিকির দল ও সদর সমর্থিত পার্লামেন্ট সদস্য ও অন্যান্য শিয়া গোষ্ঠীর সদস্যদের সমন্বয়ে ইরাকের ক্ষমতাসীন ন্যাশনাল অ্যালায়েন্স গঠিত হয়েছিল। ৩২৫ সদস্যের ইরাকি পার্লামেন্টে ন্যাশনাল অ্যালায়েন্সের সদস্য সংখ্যা ১৫৯। যেখানে সদর সমর্থক সদস্য ৪০ জন। এর আগে বিরোধী দলগুলোর আনা কয়েকটি অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে সরকারকে টিকে থাকতে সহায়তা করেন সদর সমর্থক পার্লামেন্ট সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০০৫ঘ.