ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজ্য সরকারের প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি মোট ২১টি মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বে রয়েছেন ভারতের কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রী ডি ভি সদানন্দ গোদা।
রাজ্য সরকারের অর্থ, স্বাস্থ্য, উচ্চ শিক্ষা, তথ্যপ্রযুক্তি, নারী ও শিশু কল্যাণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তাকেই পরিচালনা করতে হচ্ছে বলে শনিবার এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
সদানন্দের মন্ত্রিসভায় যতো জন মন্ত্রী আছেন তার চেয়ে তার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের সংখ্যা বেশি বলেও জানায় এনডিটিভি।
এর পিছনে কারণ হিসেবে বলা হয়, কর্নাটকে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের চার মন্ত্রীর দুর্নীতির দায়ে কারাবাস। বিধানসভায় পর্নোগ্রাফি দেখার ভিডিওচিত্র প্রকাশের পর তীব্র সমালোচনার মুখে দুই মন্ত্রীর পদত্যাগ। এছাড়া মন্ত্রিত্ব থেকে আরেকজনের সরে দাঁড়ানো।
এ পরিস্থিতিতে নিজেকেই ২১টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে জানিয়ে মুখ্যমন্ত্রী সদানন্দ বলেন, “হ্যা এটা খুবই কঠিন কাজ। কিন্তু কোনোভাবে ২১টি মন্ত্রণালয়ের কার্যক্রম চালিয়ে নিচ্ছি।”
কর্নাটকের সাবেক মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার পদত্যাগের পর ২০১১ সালের ৪ অগাস্ট মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন সদানন্দ। দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গত বছর ৩১ জুলাই পদত্যাগ করেন ইয়েদুরাপ্পা।
সদানন্দের মন্ত্রিসভায় যে অল্প কয়েকজন মন্ত্রী আছেন তাদের মধ্যে অন্তত নয় জন ইয়েদুরাপ্পার অনুসারী। তারা গুরুত্বের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন না। এমনকি ইয়েদুরাপ্পার ইঙ্গিত পেলে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোরও হুমকি রয়েছে তাদের।
কর্নাটক সরকারের এ পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের নেতা পরমেশ্বর বলেন, “কোনো ব্যক্তি একা একটি মন্ত্রণালয়ই চালাতে পারেন না যদি তিনি সব বিভাগের কাজ একসঙ্গে চালিয়ে নিতে না পারেন। তাহলে মুখ্যমন্ত্রী একা কিভাবে এতোগুলো মন্ত্রণালয় সামলান?”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৪৮ ঘ.
bdnews24