২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের ফলের অপেক্ষায় মিশর

আট দিন আগে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ হয়ে গেলেও কারচুপির অভিযোগ ওঠায় ফল প্রকাশ স্থগিত হয়ে যায়। রোববার এই ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কায়রো, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় রয়েছে মিশরবাসী। রোববার এই ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। কমিশনের মহাসচিব হাতেম বাগাতো শনিবার এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের প্রধান ফারুক সুলতান ২৪ জুন স্থানীয় সময় বিকাল তিনটায় প্রেস কনফারেন্সে প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করবেন। ১৬-১৭ জুনে অনুষ্ঠিত দ্বিতীয় দফার এ প্রেসিডেন্ট নির্বাচনে ইসলামিক দল ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি এবং বিমান বাহিনীর সাবেক কমান্ডার আহমেদ শফিক দুজনই জয় দাবি করেছেন। নির্বাচনের ফল গত বৃহস্পতিবার ঘোষণা করার কথা থাকলেও কারচুপির অভিযোগ ওঠায় তা পিছিয়ে যায়। চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে ক্ষমতাসীন সর্বোচ্চ সেনা পরিষদ ও মুসলিম ব্রাদারহুডের মধ্যে অঘোষিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুটি পক্ষের জ্যেষ্ঠ নেতারা। গত সপ্তাহে দুপক্ষের মধ্যে অনেকগুলো বৈঠক হয়েছে বলে জানান তারা। সামরিক পরিষদের সদস্য মেজর জেনারেল মামদুহ শাহিন ব্রাদারহুডের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করে গণতান্ত্রিক উত্তরণে সেনবাহিনীর প্রতিশ্রুতির কথা পুনরায় উল্লেখ করেছেন। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে ও পরে সামরিক বাহিনীর ক্ষমতা সংহত করার পদক্ষেপের কারণে মিশরের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতময় হয়ে ওঠে। নির্বাচনে জয় দাবী করেছে মুসলিম ব্রাদারহুড, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ তা প্রত্যাখান করে নিজেদের জয় দাবি করা হয়। এ পরিস্থিতিতে নির্বাচনে কারচুপির অভিযোগ আসার অজুহাতে নির্বাচনের ফল ঘোষণা স্থগিত করে ক্ষমতাসীন সামরিক পরিষদ। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় তারা। এর আগে নির্বাচনের প্রাক্কালে আদালতের এক আদেশের সূত্র ধরে নির্বাচিত পার্লামেন্টও বিলুপ্ত করে সেনা পরিষদ। পার্লামেন্টে মুসলিম ব্রাদারুহডের সংখ্যাগরিষ্ঠতা ছিল। দেশটির তিনদশকের সেনাশাসক মুবারকের পতনের পর নতুন সংবিধান তৈরি স্থগিত হয়ে আছে। সংবিধান নেই, নির্বাচিত পার্লামেন্ট নেই- এই অবস্থায় নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতার রাশ টেনে ধরার মতো কার্যকর কোনো প্রতিষ্ঠান দেশটিতে নেই। ফলে বেসরকারিভাবে নির্বাচনে জয়ী বলে আলোচিত মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ‘ফ্রিডম ও জাস্টিস পার্টি’র প্রার্থী মোহাম্মদ মুরসির কাছে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছে সেনাবাহিনী। বৃহস্পতিবার ব্রাদারহুডের অন্যতম নেতা খায়রাত আল শাতার জানান, “কিভাবে এই সঙ্কট থেকে বের হয়ে আসা যায় তা নিয়ে আমারা তাদের সঙ্গে বৈঠক করছি।” আগামী ৩০ জুনের মধ্যে নির্বাচিত প্রার্থীর কাছে ক্ষমতা হস্তান্তরে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু ফলাফল ঘোষণা স্থগিত থাকায় ক্ষমতা হস্তান্তরের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ায় গত সপ্তাহেও রাস্তায় নামে মুসলিম ব্রাদারহুডের কর্মীরা। শুক্রবার সারদিন ও শনিবার সারারাত মুবারক বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র কায়রোর তাহরির স্কয়ারে তারা বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভকারীরা নির্বাচনের ফল ঘোষণা এবং সেনাবাহিনীর ক্ষমতা সংহত করার লক্ষ্যে জারি করা ডিক্রি বাতিলেরও দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১০৫০ ঘ.