ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন পিপলস পার্টি মনোনীত প্রার্থী রাজা পারভেজ আশরাফকেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে পাকিস্তান পার্লামেন্ট।
শুক্রবার বিকালে পার্লামেন্টে ভোটাভুটিতে সাবেক বিদ্যুৎমন্ত্রী রাজা পারবেজের পক্ষে জয় আসে। তিনি পাকিস্তানের ২৫তম প্রধানমন্ত্রী হচ্ছেন।
পাকিস্তানের পত্রিকা ডন জানায়, পার্লামেন্টে ভোটাভুটিতে ক্ষমতাসীন পিপলস পার্টির প্রার্থী পারভেজ পান ২১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফ নেতৃত্বাধীন মুসলিম লীগের সরদার মেহতাব আব্বাসী পেয়েছেন ৮৯ ভোট।
অন্য প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) এর প্রধান মওলানা ফজলুর রেহমান প্রার্থিতা প্রত্যাহার করেন। ‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে’ ভোট দেওয়া থেকে বিরত থাকেন তিনি।
রাজা আশরাফকে পিপিপি মনোনয়ন দেওয়ার পরপরই এতে আপত্তি জানান বিরোধী নেতা নওয়াজ শরীফ ও ইমরান খান।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের ভাষ্য, রাজা আশরাফ ওই পদের যোগ্য নন। অন্যদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমের কাছে প্রধানমন্ত্রীর পদে যোগ্য মনে হওয়া ইমরান খানের মতে, রাজা আশরাফকে মনোনয়ন জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
সরকার ও আদালতের দ্বন্দ্বের মধ্যে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হল পাকিস্তানকে।
এর আগে সকালে ক্ষমতাসীন জোটের তিন শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এবং আওয়ামী ন্যাশনাল পার্টি (ন্যাপ) এক যৌথ সংবাদ সম্মেলনে রাজা পারভেজকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
গিলানি অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রী পদে পিপিপি তথা প্রেসিডেন্ট আসিফ আলী খান জারদারির পছন্দের তালিকায় শীর্ষে ছিলেন মখদুম শাহাবুদ্দিন।
কিন্তু শাহাবুদ্দিনের নাম আলোচিত হওয়ার পরপরই আদালত পুরনো একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় রাজা পারভেজকে বেছে নেন জারদারি।
রাওয়ালপিণ্ডির পিপিপি নেতা পারভেজ আশরাফের বিরুদ্ধেও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির বড় ধরনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে একটি মামলা হওয়ার পর গত বছর তিনি মন্ত্রিত্ব ছাড়েন।
২০০৮ সালের মার্চ থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে অনিয়মের অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত হলেও প্রধানমন্ত্রী হিসেবে বিদ্যুৎ সঙ্কট অবসানে কাজ করার অঙ্গীকার করেছেন রাজা পারভেজ।
তিনি বলেন, “আমাদের প্রধান কাজ হবে বিদ্যুৎ সঙ্কটের সমাধান করা। আশা করি, আমরা শিগগিরই একটা পথ বের করতে পারব।”
পার্লামেন্ট বা জাতীয় পরিষদের অধিবেশনের আগে জোটের বৈঠকের পর পিপিপি নেতা সৈয়দ খুরশীদ শাহ বলেন, “আমরা যদি কিছু ভুল করে থাকি বা ইশতেহার বাস্তবায়ন না করে থাকি, তাহলে বিচারের ভার পাকিস্তানের জনগণের হাতেই থাকা উচিত।”
প্রেসিডেন্ট জারদারি ইতোমধ্যে জানিয়েছেন, আগামী আট মাসের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচন হবে।
ডন বলছে, যে কারণে আদালত অবমানার অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে বিদায় নিতে হয়েছে গিলানিকে, সেই চাপ নিতে হবে রেজা পারভেজকেও।
প্রেসিডেন্ট জারদারির বিরুদ্ধে দুর্নীতির পুনঃতদন্ত করতে সুইজারল্যান্ডের কর্তৃপক্ষের কাছে চিঠি লেখার জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গিলানিকে বলা হয়েছিল। তিনি তা করতে অস্বীকার করেছিলেন।
সুপ্রিম কোর্ট গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসাবে গিলানিকে অযোগ্য ঘোষণার পর নতুন প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে ব্যাপক নাটকীয়তা শুরু হয়।
পরদিন সকালে শরিকদের সঙ্গে আলোচনা করে বস্ত্রমন্ত্রী মখদুম শাহাবুদ্দিনকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেন জারদারি। তবে বিকল্প প্রার্থী হিসাবে পিপিপির দুই জ্যেষ্ঠ নেতা কামার জামান কারিয়া ও রাজা পারভেজ আশরাফকেও তালিকায় রাখেন তিনি। সে অনুযায়ী বৃহস্পতিবার পার্লামেন্টে মনোনয়নপত্রও দাখিল করেন এই তিনজন।
এর পাশাপাশি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর পক্ষে পাখতুনখাওয়া প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সরদার মেহতাব আব্বাসী এবং জমিয়তে উলামা ই ইসলাম-ফজলের (জেইউএই-এফ) প্রধান ফজলুর রেহমানও মনোনয়নপত্র জমা দেন।
কিন্তু পিপিপির প্রথম পছন্দ শাহাবুদ্দিন মনোনয়নপত্র জমা দেওয়ার ঘণ্টা দুয়েকের মাথায় তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পারোয়ানা জারি হয় সাবেক প্রধানমন্ত্রী গিলানির ছেলে আলী মুসা গিলানির বিরুদ্ধে।
শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নিয়ম ভেঙে দুটি প্রতিষ্ঠানকে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ইফিড্রিন উৎপাদনের অনুমতি দিয়েছিলেন তিনি।
এর পরপরই পাকিস্তানের এন্টি-নারকোটিক ফোর্স (এএনএফ) জানায়, শাহাবুদ্দিনকে গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২১৫১ ঘ.
bdnews24