অসলো, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়েতে হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যার নায়ক আন্দ্রে বেহরিং ব্রেইভিকের বিচার শুক্রবার শেষ হয়েছে। ২৪ আগস্ট এ মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
শুনানির শেষ দিন তিনি হত্যাকান্ডের পক্ষে যুক্তি দেখাতে চাইলে তার পরিবারের সদস্যসহ প্রায় ৩০ জন ক্ষুদ্ধ হয়ে আদালত কক্ষ থেকে বেরিয়ে যান।
আদালতে ব্রেইভিক বলেন, মুসলিম আগ্রাসন ঠেকাতে তিনি ওই হত্যাকান্ড ঘটিয়েছেন। এ সময় তিনি তাকে মানসিকভাবে সুস্থ ও নিরপরাধ বলে ঘোষণার দাবি জানান।
শুক্রবার শুনানির সময় ব্রেইভিককে মানসিকভাবে সুস্থ বলে দাবি করেন তার পক্ষের আইনজীবীরাও।
ব্রেইভিক তার রাজনৈতিক বিশ্বাস থেকেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আর সে কারণেই তিনি মানসিকভাবে সুস্থ বলে দাবি করেন ব্রেইভিকের আইনজীবীরা।
আদালতে ব্রেইভিকের মানসিক সুস্থতার পক্ষে এ যুক্তি তুলে ধরে আইনজীবীরা তাকে ‘সুস্থ’ বলে রায় দেওয়া উচিত বলে দাবি করেন এবং তার মুক্তির জন্য চেষ্টা চালান।
ব্রেইভিক গত বছর ২২ জুলাইয়ে রাজধানী অসলোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বোমা হামলা চালিয়ে এবং উটোইয়া দ্বীপে লেবার পার্টির যুবসমাবেশে গুলি করে ৭৭ জনকে হত্যা ও ২’শ ৪২ জনকে আহত করেন।
এ হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছেন ব্রেইভিক। তবে এর প্রয়োজন ছিল বলে দাবি করেছেন তিনি।
ব্রেইভিকের প্রধান আইনজীবী গিয়ার লিপ্পেস্টাড আদালতকে বলেন, সহিংসতায় নয়, তার মক্কেল গভীর রাজনৈতিক বোধে উদ্বুদ্ধ।
এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ ঘোষাণা করে তাকে মানসিক চিকিৎসা কেন্দ্রে রাখার আর্জি জানিয়েছিলেন আদালতে। কারণ ব্রেইভিকের মানসিক সুস্থতা নিয়ে তারা এখনো সন্দিহান। বিশেষ করে হত্যাকাণ্ডের সময় ব্রেইভিক সুস্থ ছিলেন কিনা তা নিয়ে।
শুক্রবার ব্রেইভিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে শুনানি শেষ হয়েছে।
নিজের মক্কেলকে ‘মানসিকভবে সুস্থ’ দাবি করে লিপ্পেস্টাড তাকে মানসিক চিকিৎসার জন্য পাঠানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, রাজনীতি না হয়ে যদি সহিংসতাই তার মক্কেলের মূল উদ্দেশ্য হত তবে তিনি অসলোর বিপণী বিতানে যেয়েই হত্যাকাণ্ড চালাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/বিসিএস/এলকিউ/১৮১২ঘ.
bdnews24