ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সিরিয়ার অলিম্পিক কমিটি প্রধান জেনারেল মৌয়াফফাক জৌমাকে অলিম্পিক গেমস এর জন্য লন্ডনে যাওয়ার ভ্রমণ ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।
বিবিসি জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সম্পৃক্তার কারণেই যুক্তরাজ্য তাকে ভিসা না দেওয়া সিদ্ধান্ত নেয় বলে মনে করা হচ্ছে।
সরকারবিরোধী আন্দোলন কঠোরভাবে দমনের জন্য আসাদ ব্রিটিশ সরকারসহ অন্যান্য পশ্চিমা ও আরব রাষ্ট্রগুলোর তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।
স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের পর জৌমাকে ভিসা না দেওয়ার সিদ্ধান্ত হয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ সিদ্ধান্ত মেনে নেবে বলেই মনে করা হচ্ছে।
বিবিসি’র স্পোর্টস এডিটর ডেভিড বন্ড বলেছেন, “অপ্রত্যাশিত না হলেও তার (জৌমার) ভিসার আবেদন নাকচ করে দেওয়ায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিতর্কের ঝড় উঠবে।”
সরকারের উর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা জৌমার আবেদনটি নিয়ে বেশ অনেকক্ষণ ধরে আলাপ-আলোচনার পর কয়েকদিন আগে ওই সিদ্ধান্ত নেন।
এবার সরকারের এ সিদ্ধন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে আনুষ্ঠানিকভাবে জানাবে লন্ডনের অলিম্পিক গেমস এর আয়োজক কমিটি লোগোক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24