ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে মনোনয়ন পাওয়ার পরদিনই ক্ষমতাসীন দলের নেতা মখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। (আরো তথ্যসহ)
বিবিসি জানায়, স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে একটি অবৈধ ওষুধ আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার শাহাবুদ্দিনের বিরুদ্ধে এ জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়।
এন্টি-নারকোটিক ফোর্স (এএনএফ) এর কাছ থেকে অনুরোধের ভিত্তিতে রাওয়ালপি-ির উত্তরাঞ্চলীয় শহরের বিশেষ মাদকবিরোধী আদালতের বিচারক শাফকাতুল্লাহ খান গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
শাহাবুদ্দিন ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ছেলে আলি মুসা গিলানি ও আরো একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলে জানিয়েছে দ্য ডন পত্রিকা।
আদালতে শুনানির সময় এএনএফ কর্মকর্তারা একটি প্রতিবেদন দাখিল করে অবৈধভাবে এফেড্রিন ওষুধ আমদানির সঙ্গে শাহাবুদ্দিন এবং আলি মুসা গিলানির জড়িত থাকার প্রমাণ দেন।
এক এএনএফ কর্মকর্তা বলেন, “তাকে (শাহাবুদ্দিন) গ্রেপ্তার করাটা এখন সময়ের ব্যাপার মাত্র। যে কোনো সময় তাকে কাস্টডিতে নেওয়া হতে পারে।“
শাহাবুদ্দিন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে ওষুধ কোম্পানি ডানাস ফার্মার জন্য কোটা ইস্যু করেছিলেন বলে ওই কর্মকর্তা অভিযোগ করেন।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আঁতাত করে ডানাস ফার্মা ও অন্য আরেকটি ওষুধ কোম্পানি ব্রেক্সেল ল্যাব ইন্টারন্যাশনালের বিরুদ্ধে কোটা সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে গত বছর ১০ অক্টোবর বিষয়টি নিয়ে মামলা হয়।
এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মে মাসে শাহাবুদ্দিকে ডেকে পাঠিয়েছিল এএনএফ। সে সময় তিনি কোটা ইস্যু করার কথা স্বীকারও করেন। তবে ওষুধ আমদানির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে শাহাবুদ্দিন বলেন, কোটা ইস্যুর উদ্দেশ্য তার জানা ছিল না।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার ইউসুফ রাজা গিলানিকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে থাকার অযোগ্য ঘোষণা করার পর প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নতুন প্রধানমন্ত্রী হিসাবে পাকিস্তান পিপলস পার্টির নেতা ও বস্ত্রমন্ত্রী শাহাবুদ্দিনকে মনোনয়ন দেন।
বৃহস্পতিবার তিনি প্রার্থীতার আবেদনও জমা দেন।
গ্রেপ্তারি পরোয়ানার ফলে শাহাবুদ্দিনের প্রার্থিতা বাতিল হবে কি না- তা এখনো এটা স্পষ্ট নয়। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, তিনি গ্রেপ্তার হলেও পার্লামেন্ট তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারে।
সর্বসম্মতভাবে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পাওয়া শাহাবুদ্দিন ১৯৩৯-১৯৯৬ সালে বেনজির ভুট্টোর আমলে কিছুদিনের জন্য অর্থমন্ত্রী ছিলেন। ২০০৭ সালে বেনজির বোমা হামলায় নিহত হন।
ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে প্রেসিডেন্ট জারদারির ২৪ ঘণ্টার গুরুত্বপূর্ণ আলোচনার পর বুধবার শাহাবুদ্দিনকে প্রধনমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হয়েছিল।
কিন্তু তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার কারণে পিপিপি আরো দুজনকে বিকল্প প্রার্থী হিসাবে মনোনীত করেছে। এদের একজন ঊর্ধ্বতন নেতা কামার জামান কারিয়া এবং অপরজন রাজা পারভেজ আশরাফ।
ফলে শাহাবুদ্দিনসহ পিপিপি থেকে মনোনীত হয়েছেন তিন প্রার্থী।
এছাড়া, পাকিস্তান মুসলিম লিগ- নেওয়াজ (পিএমএল-এন)ও প্রধানমন্ত্রী পদে সদর মেহতাব আহমাদ খানকে মনোনীত করেছে। খান খাইবার পাখতুনখা প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং অ্যাবোটাবাদ থেকে নির্বাচিত এমপি।
জামিয়াত উলেমা-ই- ইসলাম-ফজল (জেইউআই-এফ) থেকেও মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির নেতা মৌলানা ফজলুর রেহমান। ফলে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ জনে।
পার্লামেন্টের নি¤œকক্ষ শুক্রবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবে। এ লক্ষ্যে প্রেসিডেন্ট জারদারি পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেছেন।
তার আগে বৃহস্পতিবার রাতেই পিপিপি‘র চূড়ান্তভাবে একজনকে প্রার্থী মনোনীত করার কথা রয়েছে।
জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা নতুন করে চালু করতে সুইজারল্যান্ড সরকারকে আহ্বান জানানোর সুপ্রিম কোর্টের নির্দেশ গিলানি না মানায় গত ২৬ এপ্রিল তাকে দোষী সাব্যস্ত করা হয়।
এজন্য আদালত গিলানিকে প্রতীকী সাজাও দেয়। কিন্তু তিনি এর বিরুদ্ধে আপিল না করায় আদালত মঙ্গলবার তাকে প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট সদস্য পদে অযোগ্য ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএএইচ/এলকিউ/১৭০২ ঘ.
bdnews24