দামেস্ক, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার এক যোদ্ধা পাইলট জঙ্গি বিমান নিয়ে জর্ডানের উত্তরাঞ্চলের একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করার পর কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়েছেন।
জর্ডানের তথ্যমন্ত্রী সামিহ আল-মায়তাহ রয়টার্সকে বলেছেন, “মিগ-২১ জঙ্গিবিমানের ওই পাইলট জর্ডানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তাকে এ মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।“
ওদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রশিক্ষণ মিশন চলাকালে একটি জঙ্গি বিমান লাপাত্তা হয়ে গেছে। ওই বিমানটি উড্ডয়নের দায়িত্বে ছিলেন বিমান বাহিনীর একজন কর্নেল।
এই প্রথম সিরিয়ার কোনো যোদ্ধা পাইলট সরকার পক্ষ ত্যাগ করলেন বলে ধারণা করা হচ্ছে।
ওই পাইলটের নাম কর্নেল হাসান মিরেই আল-হামাদা বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।
এপি বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায়, সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র আহমাদ কাশেম বলেছেন, তাদের দল হামাদাকে পক্ষ ত্যাগ করতে প্রেরণা যুগিয়েছে।
হামাদা দামেস্কের উত্তর-পূর্বে আল দুমাইর সামরিক বিমানবন্দর থেকে উড়ে স্থানীয় সময় সকাল ১১ টায় জর্ডানের কিং হুসেইন বিমান ঘাঁটিতে অবতরণ করে। জর্ডানের এক নিরাপত্তা সূত্র একথা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২২ঘ.
bdnews24