২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য সফরে সু চি

ইউরোপ সফরকালে মঙ্গলবার যুক্তরাজ্যে গেছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। অন্যান্য দেশের মতো এখানেও বিপুল সংবর্ধনা পেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

লন্ডন, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইউরোপ সফরকালে মঙ্গলবার যুক্তরাজ্যে গেছেন মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি। অন্যান্য দেশের মতো এখানেও বিপুল সংবর্ধনা পেয়েছেন তিনি। ২৪ বছর আগে এ যুক্তরাজ্যেই পরিবার রেখে মিয়ানমারে সামরিক জান্তার শাসনের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন সু চি। তারপর অনেকগুলো বছর পরিবার বিচ্ছিন্ন অবস্থায় গৃহবন্দিত্বে কাটিয়ে আবার সেখানে ফিরলেন তিনি। এ সফরের মধ্য দিয়েই শেষ হচ্ছে তার ১৭ দিনের ইউরোপ ভ্রমণ। সফরের শুরুতেই লন্ডন স্কুল অব ইকোনোমিক্স বিশ্ববিদ্যালয়ে সু চির ৬৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অডিটোরিয়াম ভর্তি মানুষ তাকে সংবর্ধনা দিয়েছে। এ সময় সু চি বলেন, আপনাদের অনুপ্রেরণাই আমাকে পথ চলার শক্তি দিয়েছে। ভাষণে গণতন্ত্রে আইনের শাসনের গুরুত্বের ওপর জোর দিয়েও কথা বলেন তিনি। অন্যদিকে, মিয়ানমারে গৃহবন্দিত্বের দিন গুলোতে পাশে থাকার জন্য সু চি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে ধন্যবাদ জানান। বিবিসি‘র মহাপরিচালক ও কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি। যুক্তরাজ্য সফরের আগে নরওয়ে সফর করেন সু চি। ১৯৯১ সালের নোবেল পুরস্কার ও ১৯৯০ সালে বার্গেন ভিত্তিক র‌্যাফটো ফাউন্ডেশন ঘোষিত মানবাধিকার পুরস্কার গ্রহণ করতে সুচি শুক্রবার নরওয়ের অসলোয় যান। অসলোতে পৌঁছানোর পরপরই ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয় তাকে। তাকে ধন্যবাদ জানাতে বরফ বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় জড়ো হয় ১২ হাজার মানুষ। তারা চিৎকার করে, গান গেয়ে ও নেচে গ্র্যান্ড হোটেলে স্বাগত জানায় সু চিকে। আর রাজা হেরাল্ডও অভ্যর্থনা জানান তাকে। রোববার নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বারগেনে পৌঁছানোর পর একইভাবে হাজার হাজার জনগণের ভালোবাসায় সিক্ত হন সু চি (৬৬)। ১৯৮৯ সালে গৃহবন্দি করা হয় সুচিকে। মোট ১৫ বছর গৃহবন্দি থেকে ২০১০ সালের শেষ নাগাদ মুক্তি পান তিনি। মাঝে অল্প সময়ের জন্য মুক্তি পেলেও দেশে ফিরতে পারবেন কিনা সে আশঙ্কায় দেশ ছেড়ে কোথাও যান নি তিনি। এ বছর সংসদীয় উপ নির্বাচনে জয়ী হয়েছেন সু চি। মিয়ানমারের রাজনৈতিক এ পরিবর্তনকে স্বাগত জানিয়ে পূর্ণাঙ্গ গণতন্ত্রের পথে এগোতে উৎসাহিত করতে দেশটির উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২১২৮ ঘ.