২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের নতুন যুবরাজ সালমান

সৌদি আরবে যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল-সউদ এর মৃত্যুর পর নতুন যুবরাজ হয়েছেন তার ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 03:09 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

রিয়াদ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবে যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল-সউদ এর মৃত্যুর পর নতুন যুবরাজ হয়েছেন তার ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ সোমবার প্রতিরক্ষামন্ত্রী সালমানকে প্রয়াত যুবরাজ নায়েফের উত্তরসূরি নিযুক্ত করেন। ৮৮ বছর বয়স্ক বর্তমান বাদশাহ আব্দুল্লাহ’র পর সালমানই হচ্ছেন সৌদি রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। শনিবার চিকিসারত অবস্থায় জেনেভায় মারা যান যুবরাজ নায়েফ। যুবরাজ সালমান, ৭৬, বর্তমানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও কয়েক দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নর হিসাবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, বর্তমান যুবরাজ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ তার প্রয়াত ভাইয়ের চেয়ে বাস্তববাদী ও অনেকটা প্রগতিশীল মানসিকতার অধিকারী। অন্যদিকে, নায়েফ ছিলেন বর্তমান বদাশাহ আব্দুল্লাহ’র চেয়ে বেশি কট্টরপন্থী এবং ব্যক্তিগত জীবনে কঠোরভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলতেন তিনি। যুবরাজ সালমান এখনো প্রতিরক্ষামন্ত্রী হিসাবে বহাল থাকবেন। এর পাশাপাশি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তিনি। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সালমানের ছোট ভাই রাজপুত্র আহমেদ এবং প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন বাদশাহ আব্দুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৮ঘ.