২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে আত্মঘাতী হামলায় সেনা কমান্ডার নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে সোমবার সকালে আত্মঘাতী বোমা হামলায় শীর্ষ সেনা কমান্ডার মেজর জেনারেল সালেম আলি কাতান নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

এডেন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে সোমবার সকালে আত্মঘাতী বোমা হামলায় সেনা কমান্ডার মেজর জেনারেল সালেম আলি কাতান নিহত হয়েছেন। এডেনের আশপাশের এলাকা থেকে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত ইসলামি জঙ্গি সংগঠন ‘আনসার আল শরিয়া’র জঙ্গিদের হটিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে জেনারেল কাতানের ওপর এ হামলা হয় বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে কর্মস্থলে যাওয়ার পথে জেনারেল কাতানের ওপর হামলা করে এক আত্মঘাতী হামলাকারী। দেহে বাঁধা বিস্ফোরক ভর্তি বেল্ট নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিস্ফোরণ ঘটায় সে। ঘটনার সঙ্গে সঙ্গেই মারাত্মক আহত জেনারেল কাতানকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান তিনি। হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বোমা বিস্ফোরণে ৯ সেনাসহ ১২ জন আহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ হামলায় প্রমাণ হলো সেনাবাহিনীর কাছে এলাকার দখল ছাড়তে হলেও জঙ্গিদের দাপট কমেনি। জেনারেল কাতানের নেতৃত্বে জঙ্গিদের বিরুদ্ধে জোরদার সেনা অভিযানের প্রতিশোধ নিতেই হামলাটি চালানো হয়েছে বলে অভিমত তাদের। তবে গত সপ্তাহে আাবিয়ান প্রদেশে সেনাবাহিনীর দখল থেকে কয়েকটি শহরের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২২ঘ.