২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে ঋণ সহায়তার শর্ত বদলাবেন সামারাস

গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর ডানপন্থি নিউ ডেমোক্র্যাসি দলের নেতা এন্তোনিস সামারাস সোমবার ঋণ সহায়তার জন্য বেঁধে দেওয়া কঠিন সব শর্ত বদলানোর চেষ্টা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

এথেন্স, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে জয়ের পর ডানপন্থি নিউ ডেমোক্র্যাসি দলের নেতা এন্তোনিস সামারাস সোমবার ঋণ সহায়তার জন্য বেঁধে দেওয়া কঠিন সব শর্ত বদলানোর চেষ্টা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঋণ জর্জরিত গ্রিসে গত মে মাসের পর ছয় সপ্তাহের মধ্যে রোববার দ্বিতীয়বারের মতো পার্লামেন্ট নির্বাচন হয়েছে। এ নির্বাচনে কঠিন শর্ত মেনে ইইউ/আইএমএফ এর ঋণ সহায়তা (বেইলআউট) প্যাকেজ নেওয়ার পক্ষে থাকা নিউ ডেমোক্র্যাসি পার্টি আর বিপক্ষের দল সিরিজার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী হয়েছে নিউ ডেমোক্র্যাসি। ফলে সস্তি ফিরেছে ইউরোপে। গ্রিসের ইউরোজোনে থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তা এর মধ্য দিয়ে দূর হয়েছে। বাম ব্লক সিরিজা জিতলে গ্রিসকে হয়ত ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হতো। কিন্তু নিউ ডেমোক্র্যাসি জয়ী হওয়ায় সে শঙ্কা কেটেছে। তবে দুই দলের মধ্যে ভোটের ব্যবধান কম হওয়ায় এখন জোট সরকার গড়ার চেষ্টা চলছে গ্রিসে। নিউ ডেমোক্র্যাসি নেতা সামারস সরকার গঠন নিয়ে জরুরি আলোচনা শুরু করেছেন। তিনি জাতীয় ঐকমত্যের সরকার গড়তে চান বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি বেইলআউট এর শর্ত পরিবর্তন করার চেষ্টা নিতে চান বলেও জানান। ওদিকে, বাম ব্লক সিরিজা ঋণসহায়তার শর্ত প্রত্যাখ্যান করে বলেছে তারা বিরোধীদল গড়বে। অন্যদিকে, সামারাস ইতোমধ্যেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বলেছেন, জাতীয় পর্যায়ে প্রত্যেকের মধ্যে একটা বোঝাপড়া হওয়া জরুরি। সংবিধান মোতাবেক গ্রিসের প্রেসিডেন্ট সামারসকে সরকার গঠনে তিনদিন সময় দিয়েছেন। সামারস এরই মধ্যে সিরিজা ব্লকের নেতা অ্যালেক্সিস টিপারসের সঙ্গেও দেখা করেছেন। টিপারস তাকে জানিয়েছেন সরকারকে চ্যালেঞ্জ করার জন্য বিরোধীদলেই থাকতে চায় তার দল। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে সোমবার পার্লামেন্ট নির্বাচনের ফল প্রকাশ করে গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এতে দেখা যায়, ২৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছে নিউ ডেমোক্র্যাসি পার্টি। পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ১২৯ টি আসনে জয় পেয়েছে দলটি। ২৬ দশমিক ৯ শতাংশ ভোটে ৭১টি আসন পেয়েছে সিরিজা। আর সমাজতান্ত্রিক পাসোক দল ১২ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে ৩৩ টি আসন পেয়েছে। নিউ ডেমোক্র্যাসি দলের বিজয়ে বিশ্ব মুদ্রাবাজারে সৃষ্ট অস্থিরতার অবসান হয়েছে। গ্রিসের নির্বাচনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরোর ভবিষ্যৎ জাড়িয়ে যাওয়ায় গত একমাস ধরে বিশ্ব মুদ্রাবাজারে অনিশ্চয়তা বিরাজ করছিল। বেইলআউট তহবিল এর পক্ষের দল জয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা ও আইএমএফ। নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়ে বিজয়ী দলকে দ্রুত সরকার গঠন করার তাগিদ দিয়েছেন তারা। ইইউ নেতারা বলছিলেন, ভোটে ‘গ্রিস বেইলআউট তহবিল চুক্তি’ প্রত্যাখ্যাত হলে দেশটিকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হবে। এর আগে ৬ মে‘র নির্বাচনে জনগণ ঋণসহায়তার বিপক্ষে ভোট দেওয়ায় গ্রিসে রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। বেইলআউটের শর্ত মেনে সরকারের কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছতে না পারায় ওই নির্বাচনের পর কোনো কার্যকর সরকার গঠন করা যায়নি। অনিশ্চয়তার সূরাহা না হওয়ায় ওই নির্বাচনের ছয় সপ্তাহ পর দ্বিতীয়বারের মতো আবার নির্বাচন করতে হয়েছে গ্রিসকে। নির্বাচনের রায় সিরিজা’র পক্ষে গেলে গত মার্চে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমঝোতা হওয়া ‘বেইলআউট তহবিল’ চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভবনা ছিল। দেশটির ঋণদাতাদের বিরোধীতা করে চুক্তিটি বাতিল করার ঘোষণা দিয়েছিল সিরিজা। তা হলে ইউরোজোন থেকে গ্রিসকে বেরিয়ে যেতে হতো। ইউরোজোন েেক গ্রিস বেরিয়ে গেলে একক মুদ্রা ইউরোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তো। গ্রিসের প অনুসরণ করে ইইউভুক্ত আরো কোনো দেশ যদি একক মুদ্রা ইউরো ত্যাগ করতো তবে তা বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর হয়ে দাঁড়াতো। এসব কারণে গ্রিসের নির্বাচন নিয়ে পুরো বিশ্বই উৎকণ্ঠিত ছিল। নির্বাচনে বিজয়ী দলের শীর্ষ নেতা আন্তোনিস সামারাস ফল ঘোষণার পরপরই সঙ্কট মোচনে একটি জাতীয় সরকার গঠনের ডাক দেন। এথেন্সে উল্লসিত সমর্থক পরিবেষ্টিত সামারাস সাংবাদিকদের বলেন, “হাতে নষ্ট করার মতো কোনো সময় নেই, সঙ্কটকালীন একটি জাতীয় সরকারই পারে অর্থনীতির গতি ফিরিয়ে এনে জনগণকে বিপদমুক্ত করতে।” নির্বাচনের ফল মেনে নিয়ে বিরোধী সিরিজা’র নেতা অ্যালেক্সিস টিপরাস বলেন, “আমরা এখন প্রধান বিরোধী দল। বেইলআউটের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।” “দ্রুতই হোক আর কিছুদিন পরই হোক আমরা গ্রিসের ক্ষমতায় আসছি,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫১৮ ঘ.