২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি সামরিক পরিষদের

মিশরে ডিক্রি জারি করে সামরিক পরিষদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা নিয়ে নিন্দা-সমালোচনার মধ্যেই জুনের শেষ নাগাদ নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে সামরিক শাসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

কায়রো, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিঢের ডটকম)- মিশরে ডিক্রি জারি করে সামরিক পরিষদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা নিয়ে নিন্দা-সমালোচনার মধ্যেই জুনের শেষ নাগাদ নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে সামরিক শাসকরা। আগামী ৩০ জুনের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ক্ষমতাসীন সামরিক পরিষদ। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সামরিক পরিষদের লেফটেন্যান্ট মোহম্মদ আল আসার এক সংবাদ সম্মেলনে বলেছেন, জুনের শেষে আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। প্রেসিডেন্ট নির্বাচনের পর ভোট গণনা চলার সময়টিতে সামরিক পরিষদ এ প্রতিশ্রতির কথা জানাল বলে খবর দিয়েছে বিবিসি। সোমবার মিশরের প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মোহাম্মদ মুরসির বিজয় দাবি করেছে মুসলিম ব্রাদারহুড। এর আগে নির্বাচনের শেষ দিন ভোট গ্রহণ শেষের কয়েক ঘন্টার মধ্যেই ডিক্রি জারি করে রাষ্ট্রপ্রধানের ক্ষমতার সীমা নির্দিষ্ট করে দেয় সেনাবাহিনী। ডিক্রিতে মিশরের সংবিধান তৈরির ভার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। যে পর্যন্ত স্থায়ী সংবিধান প্রস্তুত না হচ্ছে ততদিন মিশরে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানানো হয় ওই সামরিক প্রজ্ঞাপনে। সেনাবাহিনীর ওপর নির্বাচিত প্রেসিডেন্টের কোনো কর্তৃত্ব থাকবে না বলে ঘোষণা করা হয়। মিশরের পরবর্তী বাজেট তৈরি করার দায়িত্বও দেওয়া হয় সেনাবাহিনীকে । সর্বোচ্চ সামরিক পরিষদ এর আগেও নির্বাচনের আগ মুহূর্তে আদালতের নির্দেশ অনুযায়ী ইসলামপন্থীদের আধিপত্য থাকা নির্বাচিত পার্লামেন্ট বিলুপ্ত করে। ইসলামপন্থি ও উদারপন্থি রাজনৈতিক দলগুলো এ পদক্ষেপকে “সামরিক অভ্যূত্থান” আখ্যা দিয়ে এর নিন্দা জানায়। মিশরের প্রধান দৈনিক গুলোর একটি আল মার্সি আল ইয়োম ঘটনাটিকে বর্ণনা করেছে, “সামরিক বাহিনীর ক্ষমতা হস্তান্তর, সামরিক বাহিনীর কাছে।” সাবেক কূটনীতিক ও রাজনৈতিক নেতা মোহাম্মদ এলবারাদি সেনা ডিক্রিকে “গণতন্ত্রের গভীর বিপর্যয়” আখ্যা দিয়েছেন। ভোট গণনার শেষ পর্যায়ে মিশরের নির্বাচন কমিটির এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি তার প্রতিদ্বন্দ্বী সাবেক বিমান বাহিনী কর্মকর্তা আহমেদ শফিকের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। নির্বাচিত হলে মিশরে ৬০ বছরের ইতিহাসে মুরসি হবেন প্রথম বেসামরিক প্রেসিডেন্ট। সরকারিভাবে বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণা হতে পারে বলে মিশরের রাষ্ট্রিয় টেলিভিশনে জানানো হয়েছে। ওদিকে, কায়রোয় ব্রাদারহুডের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুরসির প্রচার কর্মকর্তা আহমদ আব্দেল আত্তি জানান, মুরসি ৫২.৫ শতাংশ ও সাবেক সেনা কর্মকর্তা আহমদ শফিক ৪৭.৫ শতাংশ ভোট পেয়েছেন। বেসরকারি এ ফলাফল ঘোষণার পর ‘সামরিক শাসনের পতন’ বলে চিৎকার করে ওঠে ব্রাদারহুডের সমর্থকরা। সংবাদ সম্মেলনে মুরসি মিশরের সব জনগণের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকার করে জানান, তিনি কোনো প্রতিশোধ নিতে চান না। তিনি বলেন, “মিশরের জনগণকে স্বাধীন ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ায় এবং তাদেরকে উন্নততর ভবিষ্যতের জন্য একত্রিত করায় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি।” এদিকে নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের জয়ের দাবি প্রত্যাখান করেছে আহমেদ শফিকের নির্বাচনী শিবির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩০ঘ.