২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রেসিডেন্ট নিয়ে উৎকন্ঠা মিশরে

মিশরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রোববার দ্বিতীয় ও শেষ দিনের ভোটে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের অনুসারী নাকি ইসলামপন্থি প্রার্থী নতুন প্রেসিডেন্ট হচ্ছেন তা নিয়ে উৎকন্ঠায় জনগণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

কায়রো, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে রোববার দ্বিতীয় ও শেষ দিনের ভোটে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারকের অনুসারী নাকি ইসলামপন্থি প্রার্থী নতুন প্রেসিডেন্ট হচ্ছেন তা নিয়ে উৎকন্ঠায় জনগণ। মে মাসে প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফার এ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। একজন মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিক এবং অপরজন ইসলামপন্থি মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মুহাম্মদ মুরসি। ফলে দুজনের একজনকেই বেছে নিতে হচ্ছে ভোটারদেরকে। ভোটের পর সোমবারের মধ্যে কে জয়ী হবেন তা বলা কঠিন। প্রেসিডেন্ট নির্বাচন কমিশন থেকে ভোটের চূড়ান্ত ফল ২১ তারিখের মধ্যে হওয়ার কথা রয়েছে। তবে তার আগেও ফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে বিবিসি। ভোটে জয়ী যে কোনো প্রার্থীই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। শফিক নির্বাচিত হলে ইসলামপন্থিরা তার বিরুদ্ধে মুবারক আমলের কায়দায় ভোট ডাকাতির অভিযোগ তুলতে পারে। ক্ষমতায় মুবারকের এ অনুসারীর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আবার রাস্তায় বিক্ষোভে নামতে পারে গত বছর কায়রোর তহরির স্কয়ার উত্তপ্ত করে রাখা সেই তরুণেরা। অন্যদিকে, মুরসি জিতলে ক্ষমতাসীন জেনারেলদের অসহযোগিতার মুখে পড়ে তার পক্ষে শাসন চালিয়ে যাওয়াই অসম্ভব হয়ে উঠতে পারে। মিশরের ক্ষমতাসীন জেনারেলরা মুসলিম ব্রাদারহুডকে ভালো চোখে দেখে না। ফলে এ দলের প্রার্থী মুরসির তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়ার আশা ক্ষীণ। এদিক থেকে শফিক নতুন প্রেসিডেন্ট হলেই বরং ক্ষমতা হস্তান্তর নির্বিঘেœ হতে পারে বলে করছেন কেউ কেউ। কারণ, তার অন্তত মুবারকের ব্যর্থতা দেখে কিছু শিক্ষা নেওয়ার আশা অন্তত আছে। কিন্তু মিশরে অনেক মানুষই চান না গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তের বিনিময়ে মিশরে যে পট পরিবর্তন হয়েছে এ নির্বাচনের মধ্য দিয়ে আবারো সেই সাবেক মুবারক আমলের ভূত জনগণের কাঁধে চেপে বসুক। আবার মিশরের অনেকেই ইসলামপন্থি কাউকে ক্ষমতায় দেখতে নারাজ। তাই দুই প্রার্থীর কাউকেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক ভোটারই। এমনই এক ভোটারের উক্তি, আমি দুজনের কাউকেই ভোট দিচ্ছি না। কারণ তাদের কেউই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। শনিবার প্রথম দিনের ভোটে কয়েক জায়গায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। রোববার ভোট গ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৮ টায়। নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ১ জুলাই মিশরের শাসনভার তুলে দেওয়ার অঙ্গীকার করেছে বর্তমান ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ। কিন্তু গণবিক্ষোভের মধ্য দিয়ে মিশরে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের যে আশা জেগে উঠেছিল, সম্প্রতি সুপ্রিম কোর্টের দু’টি সিদ্ধান্তে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আদালতের সিদ্ধান্ত নিয়ে জনরোষের মধ্যেই এ নির্বাচন হল মিশরে। গত বৃহস্পতিবার সর্বোচ্চ সাংবিধানিক আদালতের বিচারকদের একটি প্যানেল ছয় দশকের মধ্যে অনুষ্ঠিত মিশরের প্রথম গণতান্ত্রিক পার্লামেন্ট নির্বাচন অসাংবিধানিক বলে রুল জারি করেছে। ভেঙে দিতে বলেছে পার্লামেন্টের নি¤œকক্ষ । স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনে রাজনৈতিক প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ায় তারা এ রুল জারি করে। উল্লেখ্য, এই প্যানেলের বিচারকেরা সবাই মুবারকের শাসনামলে নিয়োগ পেয়েছিলেন। এর আগে একই আদালত, মুবারক আমলের কোনো কর্মকর্তা দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না- এমন একটি আইনকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে মুবারক আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিকের ক্ষমতায় যাওয়ার পথে কোনো আইনি বাধা নেই। প্রথম পর্বের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আইনটি পাশ করেছিল মুসলিম ব্রাদারহুডের প্রাধান্য থাকা পার্লামেন্ট। এখন পার্লামেন্ট ভেঙে দিলে দ্বিতীয় পর্বের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতার রাশ টেনে ধরার মতো কোনো প্রতিষ্ঠান থাকবে না। আর প্রেসিডেন্টের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করে দেওয়া কোনো স্থায়ী সংবিধান না থাকায় নির্বাচিত প্রেসিডেন্টের ক্ষমতার কোনো নির্দিষ্ট সীমাও থাকবে না। শনি- রোববারের ভোটে এ বিষয়গুলোর কোনো সমাধানও হবে না। নতুন সংবিধান রচনার জন্য পার্লামেন্ট সদস্যরা যে ১শ’ জনের পরিষদ গঠন করেছে পার্লামেন্ট ভেঙে দিলে তার অস্তিত্বও বিলুপ্ত হয়ে যাবে। এ অবস্থায় আহমেদ শফিক নির্বাচিত হলে সামরিক পরিষদ হয়তো তার কাছে ক্ষমতা হন্তান্তর করবে, কিন্তু ব্রাদার হুডের প্রার্থী মুরসি বিজয়ী হলে ঘটনা অন্যরকম হওয়ার আশঙ্কা আছে। ইসলামপন্থী, উদারপন্থী ও সুশীল সমাজ পার্লামেন্ট বিলুপ্ত করার রুলকে “ক্যু” বলে বর্ণনা করেছে। তারা আশঙ্কা করছে ক্ষমতাসীন জেনারেলরা হয়তো মিশরের শাসনক্ষমতায় আবার ফিরে আসার ব্যবস্থা পাকা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৯ঘ.