২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় সৌদি যুবরাজ নায়েফের দাফন রোববার

সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদকে রোববার মক্কা নগরিতে দাফন করা হবে। বাদশা আবদুল্লাহ নিজে উপস্থিত থেকে দাফন কাজ তদারক করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

রিয়াদ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদকে রোববার মক্কা নগরিতে দাফন করা হবে। বাদশা আবদুল্লাহ নিজে উপস্থিত থেকে দাফন কাজ তদারক করবেন। শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় চিকিৎসারত অবস্থায় আকস্মিক মৃত্যুবরণ করেন যুবরাজ নায়েফ। তার বয়স ৭৮ বছর হয়েছিল বলে ধারণা করা হয়। নায়েফের মৃত্যুতে বাদশা আব্দুল্লাহ’র উত্তরাধিকারীর ক্ষেত্রে শূন্যতা তৈরি হয়েছে। এক্ষেত্রে আব্দুল্লাহর পরে সৌদি আরবের বাদশা কে হবেন তা নির্ধারণ করতে হবে। গত অক্টোবরে বাদশাহী উত্তরাধিকার পাওয়া যুবরাজ সুলতান বিন আব্দুল আজিজ মারা যাওয়ার পর পরবর্তী বাদশাহী উত্তরাধিকারী হিসেবে প্রিন্সনায়েফের নাম ঘোষণা করেন বর্তমান বাদশা আব্দুল্লাহ। ৮৯ বছর বয়সী আব্দুল্লাহর পর উত্তরাধিকারসূত্রে দেশটির বাদশা হওয়ার কথা ছিল নায়েফের। নায়েফের মৃত্যুর পর বাদশাহী উত্তরাধিকারী হিসেবে ৭৬ বছর বয়সী প্রিন্স সালমানকে মনোনীত করা হবে বলে ধারণা করছে পর্যবেক্ষক মহল। এ প্রসঙ্গে সৌদি গ্যাজেটের প্রধান সম্পাদক খালেদ আলমায়িনা বলেন, “বাদশাহী উত্তরাধিকারী যুবরাজ কে হবেন তা একটি বৈঠকে ঠিক করা হবে। এ বিষয়ের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় বিষয়টি খুব নিয়মতান্ত্রিকভাবে ক্রমানুযায়ীসমাধান করা হয়েছে। এক্ষেত্রে প্রিন্স সালমান সব দিক থেকেই এগিয়ে আছেন।” গত নভেম্বরে ৭৬ বছর বয়সী সালমানকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী করা হয়। এছাড়া গত পাঁচ দশক ধরে রাজধানী রিয়াদের গভর্নরের দায়িত্ব পালন করছেন সালমান। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুলআজিজ ইবনে সউদের ছেলেদের সঠিক সংখ্যা জানা না গেলেও তার ২২ স্ত্রীর গর্ভের ৩৭ জন ছেলের নাম পাওয়া যায়। বর্তমান বাদশা আব্দুল্লাহ নায়েফের সৎ ভাই। তবে নায়েফ ও সালমান একই মায়ের সন্তান। ১৯৩২ সালে সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দেশটি শাসন করেন প্রতিষ্ঠাতা ইবনে সউদ। তার মৃত্যুর পর থেকে তার ছেলেরাই ক্রমানুযায়ী উত্তরাধিকারসূত্রে সৌদি আরবের ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন। সালমানের মনোনয়ন নিয়ে এ পর্যন্ত কোনো সন্দেহ দেখা না দিলেও এ বিষয়ে বাদশা আবদুল্লার সিদ্ধান্ত রাজপরিবারের পরিষদ কর্তৃক সমর্থিত হতে হবে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২১৯ ঘ.