২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোর ভবিষ্যৎ নির্ধারণী ভোট দিল গ্রিস

একক মুদ্রা ইউরো ব্যবহারকারী দেশগুলো নিয়ে গঠিত ইউরোজোনে গ্রিসের ভবিষ্যৎ নির্ধারণী ভোট হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2012, 07:11 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

এথেন্স, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- একক মুদ্রা ইউরো ব্যবহারকারী দেশগুলো নিয়ে গঠিত ইউরোজোনে গ্রিসের ভবিষ্যৎ নির্ধারণী ভোট হয়েছে রোববার। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেইলআউট তহবিল এর পক্ষে থাকা দল ডানপন্থি নিউ ডেমোক্র্যাসি এবং বিপক্ষে থাকা দল বাম ব্লক সিরিজার মধ্যে। ইইউ নেতারা বলছেন, ভোটে গ্রিস বেইলআউট তহবিল চুক্তি প্রত্যাখ্যাত হলে দেশটিকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হবে। এর আগে গ্রিসে ৬ মে‘র নির্বাচনে জনগণ বেইলআইট তহবিলের বিপক্ষে ভোট দেওয়ায় রাজনৈতিক অচলাবস্থা দেখা দেয়। বেইলআউটের শর্ত মেনে সরকারের কঠোর ব্যয়সঙ্কোন পদক্ষেপ নিয়ে রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছতে না পারায় কোনো কার্যকর সরকার গঠন করা যায়নি। অনিশ্চয়তার ওই নির্বাচনের ছয় সপ্তাহ পর এবার দ্বিতীয়বারের মতো এ নির্বাচন হল। নির্বাচনে জনগণের রায়ে গ্রিসকে ইউরোজোন থেকে বেরিয়ে যেতে হলে একক মুদ্রা ইউরোর জন্য তা বিপর্যয় ডেকে আনবে। আর গ্রিসের পথ অনুসরণ করে ইইউভুক্ত আরো কোনো দেশ যদি একক মুদ্রা ইউরো ত্যাগ করে তবে তা বিশ্ব অর্থনীতির জন্যই বিপর্যয়কর হয়ে দাঁড়াবে। ফলে গ্রিসের নির্বাচন নিয়ে পুরো বিশ্বই উৎকণ্ঠিত। আর তাই বিশ্ববাসীর নজর নির্বাচনের দিকে। গ্রিসের রাজনৈতিক দলগুলো ভোটের আগে শুক্রবার শেষ নির্বাচনী প্রচারণা চালিয়েছে। নির্বাচনে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দল রক্ষণশীল ‘নিউ ডেমক্রেটিক পার্টি’র শীর্ষ নেতা আন্তোনিস সামারাস নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় বলেছেন, নির্বাচনেই ঠিক হবে গ্রিস একক মুদ্রা ‘ইউরো’ই ধরে রাখবে না পুরনো মুদ্রা ‘ড্রাকমা’য় ফিরে যাবে। বিরোধী বামপন্থী সিরিজা পার্টি জানিয়েছে, তারা ইউরোই ধরে রাখতে চায় তবে আন্তর্জাতিক প্রণোদনার শর্তগুলো মানবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪৩০ ঘ.