ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রেসিডেন্ট পদে প্রণব মুখোপাধ্যায়ের প্রতি সমর্থন দেওয়ায় সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদবকে ‘বিশ্বাসঘাতক’ বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস।
শুক্রবার ভারতের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে মনোনীত করে ক্ষমতাসীন দল কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)।
পশ্চিমবঙ্গের সন্তান প্রণবকে মনোনীত করার ঘোষণা আসার পরপরই মুলায়েম সিং যাদবের প্রতি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ মন্তব্য আসে।
আগের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রেসিডেন্ট পদে সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালামকে সমর্থন দেবেন তিনি। সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদবেরও সমর্থন রয়েছে কালামের প্রতি।
কিন্তু শুক্রবার প্রণবকে মনোনীত করা এবং তার প্রতি মুলায়েম সিং যাদবের সমর্থনের খবর শোনার পর ক্ষেপে যায় মমতার দল।
তৃণমূল কংগ্রেসের নেতা সুখেন্দু শেখর রায় এনডিটিভিকে বলেন, “আমরা সবাই জানি, মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় অনড় থাকেন। এখন মুলায়েম সিংয়ের প্রতারণার বিচার করবে দেশবাসী।”
প্রেসিডেন্ট পদে প্রণব মুখোপাধ্যায় ইতোমধ্যে সমাজবাদী পার্টির নেতা মুলায়েম সিং যাদব এবং বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতীর সমর্থন পেয়েছেন। সিপিআইএমের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।
প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের ব্যাপারে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অবস্থান পাল্টেছে সমাজবাদী পার্টি।
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুলায়েম সিংও প্রণবকে সমর্থনের বিপক্ষে অবস্থান জানান। তারা দুজনই এপিজে আব্দুল কালামের নাম প্রস্তাব করেন।
বৃহস্পতিবার মমতা বলেন, আব্দুল কালামকে সমর্থনে ব্যাপারে তিনি ও মুলায়েম সিং অনড় অবস্থানে আছেন। কিন্তু শুক্রবার প্রণবের প্রতি সমর্থন জানান মুলায়েম।
এরপরেও প্রেসিডেন্ট পদে এপিজে আব্দুল কালামকে প্রার্থী করার বিষয়ে আশা প্রকাশ করেছে মমতার দল।
তৃণমূল কংগ্রেসের নেতা ও এমপি সুব্রত বাকশি বলেন, “রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সমাজবাদী ও বহুজন সমাজবাদী পার্টি প্রণবের প্রতি সমর্থন জানিয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে, প্রেসিডেন্ট নির্বাচন এখনো অনেক দূরে।”
“আমরা এখনো আমাদের অবস্থানে অনড় রয়েছি এবং এ ব্যাপারে মতৈক্যে পোঁছানোর বিষয়ে আমরা আশাবাদী।”
আগামী ১৯ জুলাই ভারতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১০৪২ ঘ.
bdnews24