ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় বিবাদমান দুপক্ষই শান্তিপূর্ণ সমাধানের পথে না গিয়ে লড়াইয়ে জয়ের জন্য ব্যস্ত হয়ে ওঠায় শান্তি প্রতিষ্ঠার আশা ক্ষীণ হয়ে আসছে বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষণ মিশনের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধানের পথে এগুতে দুপক্ষেরই “ইচ্ছার অভাব” আছে।
দামেস্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৯ এপ্রিল জাতিসংঘ মিশন শুরুর পরপরই সিরিয়া সরকার ও বিদ্রোহীদের “সদিচ্ছায়” সহিংসতার মাত্রা কমে এসেছিল।
কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গত ১০ দিন ধরে উভয় পক্ষের ইচ্ছাতেই সহিংসতার মাত্রা আবারো ক্রমশ বেড়েছে। এতে দু’পক্ষেই যথেষ্ট হতাহতের ঘটনা ঘটেছে এবং আমাদের পর্যবেক্ষকদের জন্যও তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”
তিনি বলেন, “সিরিয়ার জনগণ, বেসামরিক লোকজন ভূক্তভোগী এবং কিছু কিছু এলাকায় সামরিক অভিযান চলতে থাকার কারণে বেসামরিক লোকজন আটকা পড়ে আছে।”
মুড আরো বলেন, জাতিসংঘ-আরব-লিগ দূত কফি আনানের প্রস্তাবিত যুদ্ধবিরতিসহ ৬ দফা শান্তি পরিকল্পনা সিরিয়া সরকার ও বিদ্রোহীরা মেনে নিয়েছিল।
কিন্তু প্রকৃতপক্ষে তা বাস্তবায়িত হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে দু পক্ষেরই ইচছার অভাব দেখা যাচ্ছে।”
জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া গণতন্ত্রের দাবিতে চলা বিদ্রোহে এ পর্যন্ত কমপক্ষে ১০ হাজার মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৭ঘ.
bdnews24