২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে অসুস্থ হলেন সু চি

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে সংবাদ সম্মেলন চলাকালে অসুস্থ হয়ে পড়েন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2012, 08:20 AM

Updated : 24 Aug 2022, 11:33 AM

বার্ন, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইজারল্যান্ডের রাজধানী বার্নে সংবাদ সম্মেলন চলাকালে অসুস্থ হয়ে পড়েন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন চলাকালে টানা ভ্রমণে ক্লান্ত সুচি বমি করেন। এরপর সম্মেলন স্থগিত হয়ে যায়।

অসুস্থ হয়ে পড়ায় উপস্থিত সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ ওক্ষমা প্রার্থনা করেন তিনি।

ইউরোপ সফরে বুধবার ভোররাতে জেনেভা পৌঁছেন তিনি।এর আগে ২৪ বছর পর মে মাসে প্রথম দেশের বাইরে থাইল্যান্ড সফর করেন সু চি। ৪ দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর তিনি ইউরোপ সফরে যান।

জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংগঠনে (আইএলও) ভাষণ শেষে ট্রেনে বার্নে আসেন তিনি।সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে ৬৬ বছর বয়সী সুচি ভ্রমণজনিত ক্লান্তির বিষয়টি জানিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে পনের মিনিটের মতো সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের বুরখাল্টার তার সঙ্গে ছিলেন।

 

সম্মেলনে সামরিক বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে মিয়ানমারের ওপর সুইজারল্যান্ডের আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন বুরখাল্টার। এ সময় হঠাৎ সুচির চেহারায় বেদনার ভাব লক্ষ করেন উপস্থিত সাংবাদিকরা আর এর পরই একটি ব্যাগ তুলে নিয়ে বমি করেন তিনি।

বমি করার পর স্বাভাবিক হয়ে তিনি বলেন, “আমি দুঃখিত। ক্ষমা করবেন।” তারপর সম্মেলনস্থল ছেড়ে যান সু চি।

এর আগে সংবাদ সম্মেলন শুরু হতেও দেরি হয়। দেরি করে আসার ব্যাখ্যায় সুচি বলেন, “আমি সময়মতো আসতে পারিনি, বয়সের কারণে বা অনভ্যাসের কারণে হয়তো এমন হয়েছে।”

এরপর তার সম্মানে সুইস প্রেসিডেন্ট ইভিলিন ভিমার শুলম্ফের দেওয়া এক ককটেল পার্টিতে তিনি অল্প কিছুক্ষণের জন্য উপস্থিত হন।কিন্তু তার সম্মানে আয়োজিতনৈশভোজ বাতিল করা হয়।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিভোসিয়ের জানান, “ক্লান্তির কারণে হোটেলে ফিরে তিনি বিশ্রাম নিচ্ছেন।

ইউরোপে ১৭ দিনেরএ সফরে সুচির যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স এবং নরওয়ে ভ্রমণের কথা রয়েছে। ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান সু চি। কিন্তু গৃহবন্দি থাকায় তিনি পুরস্কার গ্রহণ করতে পারেন নি। শুক্রবার নরওয়েতে তিনি নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করবেন বলে জানা গেছে।