ওয়াশিংটন, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিরক্ষা, নৌ এবং সাইবার নিরাপত্তা সহযোগিতা আরো নিবিড় করতে বুধবার একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা দু’দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি আদান-প্রদান এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ-উৎপাদন ও উন্নয়নের ওপর জোর দেন।
একইসঙ্গে দ্বিপক্ষীয় একটি বিনিয়োগ চুক্তি সই এবং বাণিজ্য বাড়াতে দু’দেশের একযোগে কাজ করে যাওয়াসহ নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে সন্ত্রাস-বিরোধী কার্যক্রম, সাইবার নিরাপত্তা এবং আফগানিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার বিষয়টি প্রাধান্য পাবেবলে জানান হিলারি।
তিনি বলেন, “আজ আমরা নতুন কিছু প্রত্যক্ষ করছি। আমাদের সম্পর্কের কৌশলগত মূলভিত্তিই আমাদের দু দেশের স্বার্থকে এক মেরুতে নিয়ে যাচ্ছে।” গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়াও এ মেরুতে আছে অর্থনৈতিক, কূটনৈতিক এবং নিরাপত্তার প্রয়োজনীয় বিষয়গুলো।
ওদিকে, কৃষ্ণা বলেন, “সন্ত্রাস মোকাবেলা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা ক্ষেত্রে আরো জোরালো এবং কার্যকর সহযোগিতা সাম্প্রতিক দিনগুলোতে দু’দেশের কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮০৩ঘ.
bdnews24