দুবাই, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বুধবার বলেছেন, তেহরান এবং ছয় বিশ্বশক্তির মধ্যকার পরমাণু আলোচনা সঠিক পথেই চলছে।
এ ব্যাপারে তার আস্থা আছে এবং এর চূড়ান্ত ফলের ব্যাপারেও সালেহি আশাবাদী বলে মন্তব্য করেন।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তেহরানে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে সালেহি বলেন, “বিষয়টি জটিল এবং এ ব্যাপারে আমাদের আরো ধৈর্য ধরা দরকার। তবে আমরা সঠিক পথেই আছি।”
তিনি আরো বলেন, “কখনো এ প্রক্রিয়া শ্লথ হয়ে পড়ে। আবার কখনো তা ত্বরান্বিত হয়। তবে সামগ্রিকভাবে আমি এর চূড়ান্ত ফল সম্পর্কে আশাবাদী।”
আগামী সপ্তাহে মস্কোয় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠক হবে। বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ ও সন্দেহ দূর করার চেষ্টা চলবে এ বৈঠকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৬ঘ.
bdnews24