২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের দাঙ্গা কবলিত শহরগুলোতে সেনা টহল

কয়েকদিনের জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গায় মিয়ানমারে অন্তত ২১ জন নিহত হওয়ার পর সেনা ও দাঙ্গাপুলিশ সদস্যরা বুধবার রাখাইন প্রদেশের প্রধান শহর সিত্তুয়ির রাস্তায় টহল দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

সিত্তুয়ি, মিয়ানমার, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কয়েকদিনের জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গায় মিয়ানমারে অন্তত ২১ জন নিহত হওয়ার পর সেনা ও দাঙ্গাপুলিশ সদস্যরা বুধবার রাখাইন প্রদেশের প্রধান শহর সিত্তুয়ির রাস্তায় টহল দিচ্ছে। দাঙ্গা পরিস্থিতি মোকবিলায় প্রদেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। বুধবার পরিস্থিতি শান্ত ছিল বলে জানিয়েছেন সিত্তুয়ির বাসিন্দারা। বিবিসি জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বার্মা বিষয়ক উপদেষ্টা বিজয় নামবিয়ার দাঙ্গা কবলিত রাখাইন প্রদেশ পরিদর্শনে গেছেন। ইয়াঙ্গুন থেকে আসা মুসলিম ধর্মীয় নেতারা ও মিয়ানমারের সীমান্ত বিষয়ক মন্ত্রী জেনারেল থিয়েন হতে তার সঙ্গে আছেন। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছিল তারা দাঙ্গা কবলিত রাখাইন প্রদেশ থেকে তাদের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে। রাখাইন প্রদেশের রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিন ধরে জাতিগত উত্তেজনা বিরাজ করছিল। নৃতাত্ত্বিকভাবে ভিন্ন জাতিসত্তার রাখাইন ও রোহিঙ্গারা ধর্মীয়ভাবেও বিভক্ত। রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী আর রোহিঙ্গারা ইসলাম ধর্মাবলম্বী। গত শুক্রবার এই দুটি বিবদমান জাতির মধ্যে সংঘর্ষ শুরু হয়ে দাঙ্গার রূপ নেয়। গত বছর ক্ষমতায় আসা সংস্কারবাদী বেসামরিক সরকারের সময়ে এটিই মিয়ানমারের সবচেয়ে মারাত্মক জাতিগত ও সাম্প্রদায়িক দাঙ্গা। সিত্তুয়ি থেকে রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, জরুরি অবস্থা তদারকিরত সেনা ও পুলিশ সদস্যরা লাউড স্পিকার ব্যবহার করে জনতাকে সতর্ক করে। অস্ত্র বহন করলে বা কোনো ভবনে আগুন ধরানোর চেষ্টা করলে সহ্য করা হবে না বলে ঘোষণা করে তারা। দাঙ্গায় ২১ জন নিহত হওয়া ছাড়াও আরো ২১ জন আহত ও ১ হাজার ৬‘শ ৬২ টি বাড়ি আগুনে পোড়ানো হয়েছে বলে সোমবার জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম। বুধবার সকালে সিত্তুয়িতে তীব্র বৃষ্টিপাত হয়। এ সময় কোথাও কোনো আগুনের শিখা দেখা যায়নি বলে জানিয়েছে রয়টার্সের প্রতিনিধি। অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও একজন দুইজন লোক রাস্তায় বের হয়ে আসছেন বলে জানান তিনি। মিয়ানমার রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকার করে না। মিয়ানমার সরকার ও বার্মিজ জাতির অনেকেই তাদের ‘রোহিঙ্গা’ বলেও স্বীকার করে না, তাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে। জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশের তিনটি জেলায় প্রায় ৮ লাখ রোহিঙ্গার বসবাস। হতভাগ্য এসব রোহিঙ্গাদের চরম ঘৃণা করে প্রদেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনরা। মিয়ানমার দেশটিতে ধর্মীয় অনুসারীর ভিত্তিতে বৌদ্ধরাই সংখ্যাগরিষ্ঠ। রোহিঙ্গা মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে নিজেদের রাখাইন প্রদেশের স্বাভাবিক নৃতাত্ত্বিক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়ে জন্মসূত্রে মিয়ানমারের পূর্ণ নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছে। কিন্তু সরকার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আগত অবৈধ আভিবাসী বিবেচনা করে নাগরিকত্ব দিতে অস্বীকার করে। ১৯৯২ সালে মিয়ানমার থেকে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। মিয়ানমার সেনারা তাদের নির্যাতন করছে বলে অভিযোগ জানায় তারা। কিন্তু এদের উদ্ধাস্তু হিসেবে স্বীকৃতি দিতে বাংলাদেশ অস্বীকার করে। সাম্প্রতিক দাঙ্গার পর কয়েকশত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১৫ঘ.