২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিগ ব্যাং’ কণা আবিষ্কারের দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা

মহাবিশ্বের গঠন উপাদান নিয়ে গবেষণারত একদল বিজ্ঞানী ‘হিগস বোসন’ আবিষ্কারের দ্বারপ্রান্তে আছেন বলে জানিয়েছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:32 AM

জেনেভা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাবিশ্বের গঠন উপাদান নিয়ে গবেষণারত একদল বিজ্ঞানী ‘হিগস বোসন’ আবিষ্কারের দ্বারপ্রান্তে আছেন বলে জানিয়েছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)। মহাবিস্ফোরণ ‘বিগ ব্যাং’এর ফলে তৈরি হওয়া মহাবিশ্বের প্রাথমিক উপাদানকে হিগস বোসন কণা তারা, গ্রহ ও শেষ পর্যায়ে প্রাণে পরিবর্তিত করেছে বলে বিজ্ঞানীদের ধারণা। সার্নের বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে বড় কণাত্বরক যন্ত্র (পার্টিকেল অ্যাকসিলেরেটর) লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি) ব্যবহার করে ‘রহস্যময়’ কণা হিগস বোসনের অস্তিত্ব সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করছেন। সমীক্ষারত সার্নের পদার্থবিজ্ঞানীদের বিশ্বাস, তারা হিগস বোসন আবিষ্কারের কাছাকাছি আছেন। বিজ্ঞানীদের দুইটি দলের সঙ্গে যোগাযোগ আছে সার্নের বাইরের এমন কয়েকজন গবেষক বিষয়টি জানিয়েছেন। হিগস বোসন গবেষণার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক সার্নের বাইরের এক বিজ্ঞানী বলেছেন, “তারা খুব উত্তেজনা বোধ করছেন।” গবেষণার সময় গত বছর যে এনার্জি লেভেলে হিগস বোসনকে চিহ্নিত করা হয়েছিল সেই একই শক্তি বলয়েই কণাটিকে শনাক্ত করার জোর সম্ভবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ওই বিজ্ঞানী। হিগস বোসনের জীবনকাল অতি অল্প সময়ের হওয়ায় কণাটির রেখে যাওয়া চিহ্নের মাধ্যমেই শুধু এর অস্তিত্ব শনাক্ত করা যাবে, জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জিএন/১৮১৮ ঘ.