২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের জঙ্গি অধ্যুষিত জারে বিমান হামলা

ইয়েমেনের জঙ্গি অধ্যুষিত জার শহরে সোমবার যুদ্ধবিমান ও সেনাবাহিনীর বোমা হামলায় অন্ততপক্ষে ৪৪ জন সেনা ও জঙ্গি মারা গেছে বলে সেনা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 11:32 AM

আডেন, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের জঙ্গি অধ্যুষিত জার শহরে সোমবার যুদ্ধবিমান ও সেনাবাহিনীর বোমা হামলায় অন্ততপক্ষে ৪৪ জন সেনা ও জঙ্গি মারা গেছে বলে সেনা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়। একইসঙ্গে উপকূলীয় শহর শাকরা ও অন্যান্য এলাকাতেও হামলা চালিয়েছে তারা। সশস্ত্র আদিবাসীরা সেনাবাহিনীকে সমর্থন করছে উল্লেখ করে এক সেনা কর্মকর্তা বলেন, “জারে প্রবেশের জন্য তিনদিক থেকে হামলা চালাচ্ছে সেনাবাহিনী। রাত থেকে সকাল পর্যন্ত চালানো এ হামলায় অন্ততপক্ষে পক্ষে ২৮জন জঙ্গি ও ছয়জন সেনা মারা গেছে।” তবে সোমবার সেনাবাহিনী জারে প্রবেশ করতে পারবে বলে আশা করছেন না তিনি। সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর শাকরাতে প্রবেশের চেষ্টাও চালাচ্ছে বলে কর্মকর্তা জানান। স্থানীয় অধিবাসীরা জানায়, যুদ্ধবিমান ও কামান দিয়ে শহরের মধ্যাঞ্চলে হামলা চালায় সেনাবাহিনী। ইয়েমেনকে আল কায়দাবিরোধী অভিযানের প্রধান দেশ হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। আর যুক্তরাষ্ট্র সমর্থিত অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে। তবে জার এলাকায় এ পর্যন্ত চালানো সামরিক হামলাগুলোর মধ্যে এটাই হলো সবচেয়ে ভয়াবহ। গত বছর প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ বিরোধী আন্দোলন চলাকালে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গিরা দেশটির দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশ দখল করে নেয়। এখন এ এলাকা আবারো নিজেদের অধীনে নেওয়ার চেষ্টা করছে ইয়েমেন সরকার। সালেহবিরোধী আন্দোলনে সমর্থনকারী ওয়াশিংটন সন্দেহভাজন আল কায়েদা সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটিতে চালকবিহীন বিমান হামলা বাড়িয়েছে। তারা সেখানে বেশ কিছু সামরিক প্রশিক্ষক পাঠিয়েছে এবং আর্থিক সহায়তাও বাড়িয়েছে। গত সপ্তাহে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) জানায়, সামরিক আক্রমনে খাবার ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। আর জার ও শাকরার মতো শহরগুলোতে হাজার হাজার মানুষের আটকে পড়ার কথাও জানিয়েছে তারা। এদিকে মানবিক ও নিরাপত্তা সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গত মাসে দেশটিতে ৪শ’ কোটিরও বেশি অর্থ সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছে আরব ও পশ্চিমা দেশগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩১ ঘ.