দুবাই, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতা আবু ইয়াহিয়া আল লিবির ভিডিওবার্তা প্রকাশ করতে যাচ্ছে ইসলামি জঙ্গিদের একটি ওয়েবসাইট। রোববার এক বার্তায় ওয়েবসাইটটি এই ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র দাবি করছে, গত সপ্তায় পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় লিবি নিহত হয়েছেন।
ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়, “আল্লাহর ইচ্ছায় শিগগিরই ধর্মপ্রাণ শেখ আবু ইয়াহিয়া আল লিবির কাছ থেকে একটি ভিডিওবার্তা (আল্লাহ তাকে রক্ষা করুন)” প্রকাশ করা হবে।
বিস্তারিত আর কিছু ওয়েবসাইটে প্রকাশিত ওই নোটিশে বলা হয়নি। এমন কী কবে ওই ভিডিওবার্তাটি ধারণ করা হয়েছে সে সম্পর্কেও কোনোকিছু জানায়নি তারা।
যুক্তরাষ্ট্রের সরকার দাবি করেছে তারা আল কায়েদার দ্বিতীয় শীর্ষনেতা লিবিকে হত্যা করেছে যিনি ইতোপূর্বে যুক্তরাষ্ট্রের কয়েকদফা হামলা থেকে বেঁচে গিয়েছিলেন। লিবির হত্যাকা-কে আল কায়েদার জন্য বিশাল আঘাত দাবি করে যুক্তরাষ্ট্র জানায়, নতুন তরুণ সদস্য সংগ্রহের ক্ষেত্রে লিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
লিবীয় নাগরিক লিবির প্রকৃত নাম মোহামেদ হাসান কাইদ। ২০০৫ সালে তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পরিচালিত একটি কারাগার থেকে পালিয়ে যান। গত সপ্তায় যুক্তরাষ্ট্র তাকে হত্যার বিষয়টি নিশ্চিত করার আগে আরো একবার ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৭ ঘ.
bdnews24