২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-আইএইএ আলোচনার ব্যর্থতায় ‘হতাশ’ যুক্তরাষ্ট্র

ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মধ্যে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সংস্থাটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত দূত রবার্ট উড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ভিয়েনা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মধ্যে অনুষ্ঠিত আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন সংস্থাটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত দূত রবার্ট উড। শনিবার সংবাদ সংস্থা রয়টার্সকে পাঠানো এক ই মেইল বার্তায় উড বলেছেন, “আমরা হতাশ” এবং ইরান আইএইএ’র কাছে তাদের প্রতিশ্রুতি রাখতে বারবার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের পরমাণু ইস্যু নিয়ে আরো তদন্তের উদ্দেশে শুক্রবার বেইজিংয়ে দেশটির নেতৃবৃন্দ ও আইএইএ’র প্রতিনিধিদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলসহ পশ্চিমা বিশ্বের ধারণা ইরান তাদের পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তাই ইরানের পরমাণু প্রকল্প পরিদর্শন, সেখানকার অধিবাসীদের সাথে কথা বলা ও ওই প্রকল্প সম্পর্কিত নথিপত্র খতিয়ে দেখার অনুমতি পেতে দেশটির সাথে এক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে আইএইএ। কিন্তু সংস্থাটিকে এ ধরণের অনুমতি না দিয়ে নতুন শর্ত আরোপ করেছে ইরান। দেশটির দাবি, বেসামরিক উদ্দেশে তারা পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। বেইজিং আলোচনা ব্যর্থ হওয়ায় ১৮ ও ১৯ জুন মস্কোতে অনুষ্ঠেয় তেহরান ও ছয় বিশ্ব শক্তি- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ওই আলোচনা কতটা সফল হয় তার ওপর ভিত্তি করে ছয় বিশ্বশক্তি বোঝার চেষ্টা করছিল তাদের সাথে আলোচনার ক্ষেত্রে তেহরান কতটা ছাড় দিতে প্রস্তুত আছে। কিন্তু বেইজিং আলোচনা ব্যর্থ হওয়ায় মস্কো আলোচনার সফলতাও প্রশ্নের মুখে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮৪৫ ঘ.