২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোরপূর্বক বিয়ে ঠেকাতে আইন হচ্ছে যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে জোর করে বিয়ে দেয়া অপরাধ হিসেবে গণ্য করে নতুন একটি আইন পাশ হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে জোর করে বিয়ে দেয়া অপরাধ হিসেবে গণ্য করে নতুন একটি আইন পাশ হতে যাচ্ছে। শুক্রবার এক ঘোষণার মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একথা জানান বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। তিনি এ ধরনের বিয়েকে দাসত্বে সঙ্গেও তুলনা করেছেন। যুক্তরাজ্যেবসবাসরত ভারতীয় উপমহাদেশের জনগোষ্ঠীর মধ্যে ছেলে-মেয়েদের তাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে বিয়ে দেয়ার প্রবণতা রয়েছে। জোর করে বিয়ের শিকার ছেলে-মেয়ে, যুক্তরাজ্যের জনগণ, দাতব্য ও যুক্তরাজ্যের প্রথমসারির সংস্থাগুলোর সঙ্গে প্রায় তিনমাস ধরে আলোচনার পর এ ধরনের বিয়ে দেয়াকে অপরাধ হিসেবে গণ্য করে নতুন একটি আইন করার সিদ্ধান্ত হয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে নতুন এ আইনটি ঘোষণা করবেন। নতুন এ আইনে জোরপূর্বক বিয়ের শিকারদের সহায়তা ও নিরাপত্তা দেয়ার বিধানসহ এ ধরনের বিয়ে ঠেকানোর দিকেও দৃষ্টি দেয়া হবে। আইন সম্পর্কে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, “জোর করে বিয়ে দেয়া আপত্তিজনক। এটি দাসত্বের চেয়েও বেশি। কাউকে তার মতের বিরুদ্ধে বিয়ে দেয়া ঠিক নয়। আর এ জন্যই আইন করার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরো বলেন, যেসব সম্প্রদায় জোর করে বিয়ে দেয় আমরা তাদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাতে চাই যে, এটি ঠিক নয়, বেআইনি এবং এ ধরনের বিয়ে দেয়া হলে ব্যবস্থা নেয়া হবে। যুক্তরাজ্যে প্রতি বছর জোর করে বিয়ে দেয়ার শ’ শ’ অভিযোগ ওঠে। অনেক অভিযোগ আসে হাইকমিশনগুলো থেকেও। যুক্তরাজ্যে বসবাসরত অনেক বাবা-মা ছেলে-মেয়েদের নিজ দেশে নিয়ে গিয়ে তাদের মতের বিরুদ্ধে বিয়ে দেয়। এসব বিয়ের অনেকগুলো আবার যুক্তরাজ্যে অভিবাসন পাওয়ার জন্যও হয়ে থাকে। এসব বিয়ের বেশির ভাগই হয়ে থাকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০৮ ঘ.