২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তহবিল সংগ্রহে এগিয়ে রমনি’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি গত মে মাসে প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে প্রায় ১ কোটি ৭ লাখ ডলার বেশি তহবিল সংগ্রহ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 09:01 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি গত মে মাসে প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে প্রায় ১ কোটি ৭ লাখ ডলার বেশি তহবিল সংগ্রহ করেছেন। এক হিসেবে দেখা যায়, রমনি ও রিপাবলিকান পার্টি ৭ কোটি ৬৮ লাখডলার এবং ওবামা ও ডেমোক্রেটিক পার্টি ৬ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে বলে বিবিসি জানিয়েছে। রমনির হাতে এখন নগদ ১০ কোটি ৭০ লাখ ডলার রয়েছে। এপ্রিল মাসের শেষ নাগাদ ওবামার হাতে ছিল ১১ কোটি ৫০ লাখ ডলার। মাসিক সংগৃহীত তহবিলের মধ্যে অবশ্য প্রতিটি দলকে সমর্থনকারী স্বাধীন কমিটিগুলোর সংগৃহীত ও ব্যয় করা লাখ লাখ ডলার অন্তর্ভুক্ত থাকেনা। বৃহস্পতিবার সংগৃহীত মোট তহবিলের ঘোষণা দিয়ে ওবামার দলের পক্ষ থেকে টুইটারে বলা হয়, মে মাসে ৫ লাখ ৭২ হাজার মানুষ অর্থ প্রদান করেছে। আর এর মধ্যে প্রথমবারের মতো অর্থ দিয়েছে ১ লাখ ৪৭ হাজার জন। অর্থ প্রদানকারীদের ৯৮ শতাংশই ২৫০ ডলারের কম অর্থ দিয়েছে বলেও জানানো হয়েছে। ওবামার সংগৃহীত তহবিল ঘোষণার অল্প কিছুক্ষণ পরই রমনির প্রচারাভিযানের পক্ষ থেকে তাদের সংগৃহীত অর্থের পরিমাণ জানানো হয়। এক বিবৃতিতে তারা জানায়, মোট ১২ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছে। আর অর্থ দাতাদের ৯৩ শতাংশই দিয়েছে ২৫০ ডলার বা তারও কম। উভয়ই দলই এপ্রিল মাসের চেয়ে মে মাসে তুলনামূলকভাবে বেশি অর্থ সংগ্রহ করেছে। এক বিবৃতিতে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রেইনস প্রিয়েবাস বলেন, “প্রেসিডেন্ট ওবামা তার অঙ্গীকার ভঙ্গ করায় আমেরিকান জনগণ যে বিরক্ত এবং তারা যে হোয়াইট হাউসে নির্দেশনার পরিবর্তন চায় আমাদের সংগৃহীত বড় অংকের তহবিল তারই ইঙ্গত দিচ্ছে।” আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ প্রচারাভিযানের প্রস্তুতি হিসেবে উভয় প্রার্থীই বর্তমানে তহবিল সংগ্রহে ব্যস্ত রয়েছে। এ সপ্তাহে ওবামা ক্যালিফোর্নিয়া ও নেভাদায় এবং রমনি টেক্সাসে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৫ ঘ.