২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামস্যাং-এর নতুন সিইও হিউন

বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্সস পণ্য উৎপাদনকারী স্যামস্যাং তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) হিসেবে নোন ওহ হিউনের নাম ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী স্যামস্যাং তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) হিসেবে নোন ওহ হিউনের নাম ঘোষণা করেছে। হিউন একই প্রতিষ্ঠানের কম্পোনেন্ট বিজনেস বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার বিবিসি এ তথ্য জানায়। বর্তমান সিইও চই সি স্যাং প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সি স্যাং-এর নেতৃত্বেই প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষ স্মার্টফোন ও টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চলতি বছরের প্রথম তিন মাসেই স্যামস্যাং বিশ্বের সর্ববৃহৎ মোবাইলফোন উৎপাদকে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে তারা নকিয়াকে টপকে গেছে। এই সময়ে নকিয়ার ৮ কোটি ৩০ লাখ মোবাইলফোনের বিপরীতে স্যামস্যাং সরবরাহ করেছে ৯ কোটি ৩০ লাখ মোবাইল ফোন। জুন মাসেই স্যামস্যাং তাদের নতুন পণ্য স্মার্টফোন গ্যালাক্সি এসথ্রি যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়তে যাচ্ছে। ইতোমধ্যে মে মাসেই এটি যুক্তরাজ্যের বাজারে ছাড়া হয়েছে। ঠিক এই মুহূর্তে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ শীর্ষপদের রদবদল বিস্ময়ের জন্ম দিলেও স্যামস্যাং জানিয়েছে, এতে তাদের দৈনন্দিন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। বিশ্লেষকরা মনে করছেন, স্যামস্যাং-এর চেয়ারম্যান লি কুন হি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের কৌশল থেকে সরে না গিয়ে তা ধরে রাখবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০০ ঘ.